Image description

৪৬তম বিসিএসে এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এই গেজেট থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত ৪১ প্রার্থী বাদ পড়লেও চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। 

যদিও এর আগে তার বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন ও হামলাসহ নানা অভিযোগের ফিরিস্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয়েছিল। তারপরও গেজেট হওয়া বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গেজেট পাওয়া ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম ইফফাত হক নিশান। প্রশাসন ক্যাডারের গেজেটে তার ক্রম ২১৩তম।

তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) নিষিদ্ধ ছাত্রলীগের সৈয়দ ইমাম বাকের-শাখাওয়াত হোসাইন সম্রাট কমিটির দফতর সম্পাদক। তিনি চুয়েটের পেট্রোলিয়াম এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী ও তারেক হুদা হলের আবাসিক ছাত্র ছিলেন।

জানা গেছে, ইফফাত হক নিশান ৫ আগস্টের আগে ক্যাম্পাসে চাঁদাবাজি, ক্যান্টিনে বাকিতে খাওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনসহ অসংখ্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। শুধু ক্যাম্পাসকেন্দ্রিক অপরাধের সঙ্গে নয়, বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী রাজনৈতিক মহলের সঙ্গেও তার নিবিড় যোগাযোগের অভিযোগ রয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কো-অর্ডিনেটর তন্ময় আহমদের সঙ্গে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে বলে জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও চসিকের সাবেক মেয়র আজম নাছিরের সঙ্গে নিশান (ফাইল ছবি)

২০২০ সালে চুয়েটের ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পর দফতর সম্পাদক ইফফাত হক নিশান বলেছিলেন, ‘‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাব। আমাকে মূল্যায়ন করায় আমি বাকের ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’’

২০২১ সালে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক আনন্দ মিছিল শেষে নিশান বলেছিলেন, ‘‘ঘাত-প্রতিঘাত, সহস্র ষড়যন্ত্র ও মৃত্যুভয়কে উপেক্ষা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার কর্মগুণে, যোগ্য নেতৃত্ব দিয়ে ছাত্রনেত্রী থেকে আজ বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। সাম্প্রদায়িক জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে ক্লান্তিহীন চেষ্টা করে যাচ্ছেন।’’