Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে একের পর এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার উদ্যোগ, বিপুল পরিমাণ তুলা, গম, সয়াবিন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রতিশ্রুতিসহ মার্কিন পণ্যের জন্য বাজারসুবিধাও বাড়িয়েছে ঢাকা। রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির পর যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। কিন্তু এত কিছুর পরও বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে বাড়তি শুল্কের চাপ কমেনি। উল্টো অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে বাংলাদেশি পণ্যের ওপর আরও ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুধু তা-ই নয়, চীন থেকে সুতা ও বস্ত্রের কাঁচামাল আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে সুতা কেনার জন্যও বাংলাদেশের ওপর চাপ তৈরি করছে ওয়াশিংটন। অথচ যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক রফতানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও এখনো বাস্তবায়িত হয়নি। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক সুবিধা পাওয়ার আশায় আমদানি বাড়িয়েও প্রত্যাশিত সুফল পাচ্ছে না বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ব্যয় বেড়ে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এই আমদানির পরিমাণ ছিল ২৭২ কোটি ডলার। অর্থাৎ এক বছরে আমদানি বেড়েছে ৩২ শতাংশের বেশি। অথচ একই সময়ে দেশের সামগ্রিক আমদানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৫০ শতাংশ।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি আগের প্রান্তিকের তুলনায় ১১৩ দশমিক ১১ শতাংশ বেড়ে ১২৯ কোটি ডলারে পৌঁছায়। এর পেছনে বড় ভূমিকা রেখেছে জ্বালানি ও তেল আমদানি।

কেন শুল্কারোপ করতে চায় যুক্তরাষ্ট্র

 

বাংলাদেশের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, চীনা বিনিয়োগ ও কাঁচামালের ওপর নির্ভরতা এবং শ্রম অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর) বলছে, বাংলাদেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা, চীনের সঙ্গে বাড়তি বাণিজ্যিক সম্পর্ক, চীন থেকে বিপুল পরিমাণ কাঁচামাল আমদানি এবং রফতানিতে সরকারি নগদ প্রণোদনা বাজার প্রতিযোগিতায় প্রভাব ফেলছে। পাশাপাশি ইপিজেডে শ্রম আইন বাস্তবায়ন ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সেকশন ৩০১-এর আওতায় তদন্ত শেষে গত ২৫ নভেম্বর বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা ও সংস্কারের অগ্রগতি সন্তোষজনক না হলে শুল্কের হার ২০ শতাংশ পর্যন্ত হতে পারে।

বোয়িংয়ের ২৫ উড়োজাহাজ, ৩৫০ কোটি ডলারের তুলা কেনার প্রতিশ্রুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে বড় অঙ্কের আমদানি চুক্তি করেছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে আলোচিত বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। এর ১৪টির জন্য গত ৩০ এপ্রিল ৩৭০ কোটি ডলারের চুক্তি হয়েছে। বাকি ১১টির ক্রয়চুক্তিও ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে সই হয়েছে। প্রথম ১৪টি উড়োজাহাজ ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ করার কথা রয়েছে।

এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় আগামী ১৫ বছরে প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলারের মার্কিন এলএনজি আমদানির প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। প্রতিবছর সাত লাখ টন গম, ২৬ লাখ টন সয়াবিন ও সয়াজাত পণ্য এবং ৩৫০ কোটি ডলারের তুলা কেনার কথাও রয়েছে চুক্তিতে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটি থেকে বাংলাদেশের এলএনজি আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬১ শতাংশ বেড়ে ৫০ দশমিক ২৩ বিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাংলাদেশের বাজার আরও উন্মুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং আরও ২ হাজার ২১০টি পণ্যের ওপর আগামী ১০ বছরে পর্যায়ক্রমে শুল্ক কমানোর বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির হিসাবে, এর ফলে চলতি অর্থবছরে সরকারের আমদানি শুল্ক আয় কমবে ১ হাজার ৩২৭ কোটি টাকা।

তবে এসব প্রতিশ্রুতির পরও মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাক রফতানিতে শুল্কমুক্ত সুবিধা কার্যকর হয়নি। বরং যুক্তরাষ্ট্রের তুলা ও সুতা ব্যবহারের শর্ত নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।

তুলা আমদানি বাড়িয়েও মিলছে না শুল্ক সুবিধা

যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক রফতানিতে গত সেপ্টেম্বর থেকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এখন পর্যন্ত সেই সুবিধা চালু হয়নি। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান  বলেন, ‘‘গত মাসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়েছে। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগ এখনো এ বিষয়ে কাজ করছে।’’

তিনি আরও বলেন, ‘‘প্রথমে বাংলাদেশকে ফাইবার আমদানির শর্ত দেওয়া হয়েছিল। বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ তাতে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুতা আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু মার্কিন সুতা তুলনামূলক অনেক ব্যয়বহুল। এসব সুতা দিয়ে পোশাক তৈরি করে রফতানি করলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে।’’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘‘দেশের বস্ত্র খাত এমনিতেই কঠিন সময় পার করছে। এ অবস্থায় বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে সুতা আমদানির বাধ্যবাধকতা তৈরি হলে স্থানীয় বস্ত্রশিল্প আরও সংকটে পড়বে।’’

বাংলাদেশ গত অর্থবছরে প্রায় ৩৩১ কোটি ডলারের সুতা এবং ৩০০ কোটি ডলারের তুলা আমদানি করেছে। এর বড় অংশ এসেছে চীনসহ বিভিন্ন দেশ থেকে। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, দেশের বস্ত্রশিল্পের উৎপাদনব্যবস্থা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত। ফলে হঠাৎ করে কাঁচামালের উৎস পরিবর্তন করা সহজ নয়।

বাড়তি শুল্কের প্রস্তাবে নতুন শঙ্কা

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর) বাংলাদেশের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ এনে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানির ওপর মোট শুল্কের চাপ আরও বাড়বে। আলোচনায় অগ্রগতি না হলে শুল্কহার ২০ শতাংশ পর্যন্ত উঠতে পারে।

ইউএসটিআরের অভিযোগের মধ্যে রয়েছে বাংলাদেশের উৎপাদন খাতের উচ্চ প্রবৃদ্ধি, শ্রমের তুলনামূলক কম অংশ, বাণিজ্য উদ্বৃত্ত, চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং চীন থেকে কাঁচামাল আমদানি। বিশেষ করে চীন থেকে সুতা, কাপড় ও অন্যান্য উপকরণ আমদানির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াশিংটন।

অথচ চীন থেকে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আঞ্চলিক বাণিজ্য চুক্তির সুবিধাও রয়েছে। এ ছাড়া বাংলাদেশের পোশাকশিল্পের উৎপাদনব্যবস্থা চীনা কাঁচামালের ওপর অনেকাংশে নির্ভরশীল। হঠাৎ করে এই আমদানি কমানো হলে উৎপাদন ব্যয় ও সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

একতরফা ছাড় নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর বাড়তি শুল্কের প্রস্তাব উদ্বেগজনক। কারণ, দেশটি বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি বাজার। শুল্ক বাড়লে পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা কমবে। বিশেষ করে ভারত ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক সুবিধা পেলে বাংলাদেশের জন্য বাজার ধরে রাখা কঠিন হয়ে পড়বে।’’

তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির বিপরীতে বাংলাদেশের পোশাক রফতানিতে বিশেষ শুল্ক সুবিধা পাওয়ার কথা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় সরকারের উচিত আলোচনার মাধ্যমে শুল্কহার কমানোর পাশাপাশি তুলাভিত্তিক শুল্ক সুবিধা নিশ্চিত করা। একই সঙ্গে পণ্যের বৈচিত্র্য, উৎপাদন দক্ষতা ও মূল্য সংযোজন বাড়াতে হবে।’’

সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক কার্যকর হলে বাংলাদেশের পোশাক রফতানিতে চাপ বাড়বে। উৎপাদন ব্যয় ও প্রতিযোগিতার কারণে রফতানিকারকদের মুনাফা কমতে পারে। এর প্রভাব বিনিয়োগ ও কর্মসংস্থানেও পড়ার আশঙ্কা রয়েছে।’’

তিনি বলেন, ‘‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক কমানোর চেষ্টা এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তাদের বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। দেশের অভ্যন্তরে উৎপাদন ব্যয় কমানো, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং রফতানি বাজার বহুমুখীকরণেও গুরুত্ব দিতে হবে।’’