দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় মিছিল-মিটিংয়ে সামনের সারিতে থেকে স্লোগান দিয়ে নেতৃত্বও দিয়েছেন। অথচ সেই বিএনপি কর্মীকেই ওয়ার্ড যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ নম্বর আসামি করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
মতামত কলাম পড়ুন
মামলার আসামি সোহাগ হোসেন (৩০) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া নদীপাড়া গ্রামের হকার ওমর ফারুক কুটির ছেলে। তিনি এলাকায় ব্যাটারির ব্যবসা করেন।
স্থানীয় বিএনপি সূত্র ও সোহাগের দাবি, ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন সময়ে দলীয় মিছিল ও সমাবেশে সামনের সারিতে থেকে স্লোগান দিতে দেখা গেছে তাকে। এমনকি বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণের ভিডিওও রয়েছে বলে দাবি করেন তিনি। তবে সম্প্রতি একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে ওয়ার্ড যুবলীগের সদস্য হিসেবে উল্লেখ করে আসামি করা হয়েছে।
রাজনৈতিক খবর পড়ুন
জানা গেছে, গত ১৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ১৯ নভেম্বর নাশকতার উদ্দেশ্যে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করে এবং সরকারবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মেদ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ৯০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ধারায় মামলা করেন। ওই মামলায় সোহাগ হোসেনকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
সোহাগ হোসেন বলেন, ‘আমি ব্যাটারি ব্যবসা করি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় মিছিল-মিটিংয়ে সামনের সারিতে থেকে স্লোগান দিয়েছি। অথচ আমাকে ওয়ার্ড যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী মামলার ৩ নম্বর আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি কখনো কারও ক্ষতি করিনি। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে গরিব-অসহায় মানুষকে সহযোগিতা করেছি। অথচ আমাকে আওয়ামী লীগের কর্মী বানিয়ে মামলায় জড়ানো হয়েছে।’
সোহাগের অভিযোগ, নদীপাড়া এলাকার বিএনপির কিছু নেতাকর্মী অনৈতিক সুবিধা না পেয়ে তাকে এ মামলায় আসামি করেছেন।
মতামত কলাম পড়ুন
এ বিষয়ে বিএনপির সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ও আড়পাড়া নদীপাড়া গ্রামের বিএনপি নেতা মিরু খাঁ বলেন, ‘বিএনপি কর্মী সোহাগ হোসেনের নামে নাশকতার মামলা হয়েছে বলে সে আমাকে জানিয়েছে। বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে এমনটা হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলেছি। সমাধান হয়ে যাবে।’
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। এলাকায় লবিং-গ্রুপিং রয়েছে। উভয় পক্ষ আমার কাছে আসার কথা রয়েছে। তারা এলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হবে।’
মতামত কলাম পড়ুন
সোহাগ হোসেনকে ওয়ার্ড যুবলীগের সদস্য হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, ‘বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’