কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন দলটির কয়েকজন নেতা-কর্মী। গতকাল শনিবার রাতে ধারণ করা ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে চট্টগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানার ফেসবুক আইডি থেকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের মুখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের নামও শোনা যায়।
থানার ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশের বিষয়ে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি ইলিয়াস খানের সহজ উত্তর, ‘ভুলবশত ভিডিওটি ফেসবুকে আপলোড হয়ে গেছে।’ তিনি বললেন, ‘আমি চট্টগ্রাম আদালতে ছিলাম। কাজের ফাঁকে ভুল করে ভিডিওটি আপলোড হয়ে গেছে।’
তবে ওসির এমন বক্তব্যের পরও ভিডিওটি আপলোডের প্রায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও থানার ফেসবুক আইডি থেকে সেটি সরানো হয়নি। পুলিশের একটি সরকারি থানার ফেসবুক আইডিতে এমন ভিডিও প্রকাশ এবং দীর্ঘ সময় ধরে তা বহাল থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।