Image description

গোপালগঞ্জ জেলায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র পার্শ্ববর্তী জেলায় সরিয়ে নেওয়া হয়েছে।

‘অনুকূল পরিবেশ’ না থাকার কারণ দেখিয়ে রোববার (২৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে বলেছে, গোপালগঞ্জ জেলার কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর উপজেলা ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্রে বা উপকেন্দ্রে গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালপঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা মাদারীপুর জেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে নেওয়া হবে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষা মাদারীপুরের সরকারি রাজৈর কলেজে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষা মাদারীপুরের শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিতে হবে।

ইতোমধ্যেই উল্লেখিত কেন্দ্রগুলোকে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য এবারই প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। সম্পূরক এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর।