হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ বড় ধরনের হৃদ্রোগজনিত জটিলতার ঝুঁকি কমাতে পারে বছরে দুবার নেয়া একটি ইনজেকশন। ইনক্লিসিরান (Inclisiran) নামের ওষুধটি নিয়ে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার কথা জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভার্টিস।
২৩ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের তৈরি লেকভিও (Leqvio) ওষুধ নিয়ে পরিচালিত ORION-4 গবেষণায় নির্ধারিত প্রধান লক্ষ্য অর্জিত হয়েছে। প্রচলিত কোলেস্টেরল কমানোর চিকিৎসার সঙ্গে ইনক্লিসিরান যুক্ত করায় অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাসকুলার ডিজিজে (ASCVD) আক্রান্ত ব্যক্তিদের বড় ধরনের হৃদ্রোগজনিত জটিলতার ঝুঁকি পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য এবং চিকিৎসাগতভাবে অর্থবহ মাত্রায় কমেছে।
গবেষণাটিতে ১৬ হাজারের বেশি রোগী অংশ নেন। এটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, টিআইএমআই স্টাডি গ্রুপের সহযোগিতায়। অংশগ্রহণকারীদের এক দলকে ইনক্লিসিরান এবং অন্য দলকে প্লাসিবো বা ওষুধের মতো দেখতে নিষ্ক্রিয় ইনজেকশন দেয়া হয়। দুই দলই প্রচলিত কোলেস্টেরল কমানোর চিকিৎসা চালিয়ে যান।
রাজনৈতিক খবর পড়ুন
গবেষণায় বড় ধরনের হৃদ্রোগজনিত জটিলতা বলতে করোনারি হৃদ্রোগে মৃত্যু, হার্ট অ্যাটাক, প্রাণঘাতী বা প্রাণঘাতী নয় এমন ইস্কেমিক স্ট্রোক এবং জরুরি ভিত্তিতে করোনারি ধমনির রক্তপ্রবাহ পুনরুদ্ধারের চিকিৎসাকে বিবেচনা করা হয়েছে।
ইনক্লিসিরান ইনজেকশনের প্রথম ডোজের পর তিন মাসে দ্বিতীয় ডোজ দিতে হয়। এরপর প্রতি ছয় মাসে একটি করে ইনজেকশন নিতে হয়। অর্থাৎ প্রাথমিক দুই ডোজের পর বছরে দুবার চিকিৎসা নিলেই হয়।
নোভার্টিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে অ্যাথেরোস্ক্লেরোটিক হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশ পর্যন্ত চিকিৎসার নির্দেশিকায় নির্ধারিত ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল-সি (LDL-C)-এর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেন না। নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ইনজেকশনের নির্দিষ্ট সময়ের ব্যবধান সহায়ক হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
তবে গবেষণায় ঝুঁকি কত শতাংশ কমেছে, সে বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান এখনো প্রকাশ করেনি নোভার্টিস। ORION-4-এর পূর্ণাঙ্গ ফল ২০২৭ সালের প্রথমার্ধে প্রকাশের পরিকল্পনা রয়েছে। একই বছরে VICTORION-2 PREVENT নামের আরেকটি গবেষণার ফলও প্রকাশের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
নোভার্টিসের দাবি, ORION-4 এবং VICTORION-2 PREVENT—এই দুই গবেষণায় বিশ্বজুড়ে ৩৩ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হয়েছেন। হৃদ্রোগের পুনরাবৃত্তি ঠেকাতে কোলেস্টেরল কমানোর চিকিৎসার কার্যকারিতা যাচাইয়ে এটি বড় গবেষণা কর্মসূচিগুলোর একটি।