নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৯ নভেম্বর) দিনভর বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে বাগেরহাট থেকে খুলনাসহ জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শনিবার বিকেল থেকেই গোপালগঞ্জ হয়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নাশকতার কারণে গোপালগঞ্জে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করছেন অনেকে। তবে বাস মালিক ও টিকিট বিক্রেতাদের দাবি, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
দোলা পরিবহনের টিকিট বিক্রেতা মো. আলাল বলেন, গোপালগঞ্জের পরিস্থিতির কারণে বাগেরহাট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে। ঢাকাগামী যাত্রীর সংখ্যাও খুব কম। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে।
দিগন্ত পরিবহনের টিকিট বিক্রেতা লিটন খান বলেন, ২৯ ও ৩০ নভেম্বর দিনের বেলায় কোনো দূরপাল্লার বাস চলবে না। রাতে বিকল্প পথে বাস চলাচলের পরিকল্পনা রয়েছে। বাগেরহাট, খুলনা, যশোর, মাগুরা ও আরপাড়া হয়ে ঢাকায় যেতে হবে। এতে যাত্রার সময় অনেক বেশি লাগবে।
বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়কে সংঘাত ও যানবাহনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে ঢাকাগামী বাস চালানোর পরিকল্পনা করেছিল। তবে রোববার সকালে নিরাপত্তা শঙ্কা ও যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে সব ধরনের দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এসব রুটে যাত্রী চলাচলেও তেমন কোনো সমস্যা নেই।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল নিয়ে অনিশ্চয়তা থাকছে। এতে জরুরি প্রয়োজনে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।