Image description
বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিভাগের আওতাধীন সব কোম্পানিকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
 
রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
 
চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে কোম্পানিগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ বিদ্যমান নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
 
উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদের সই করা ওই চিঠি পিজিসিবি পিএলসি, ডিপিডিসি, ডেসকো, পিএলসি, নেসকো পিএলসি, ওজোপাডিকো, আরপিসিএল, এপিএসসিএল, ইজিসিবি পিএলসি, সিপিসিসিবিএল, নওয়াপাজেকো, বিআরপিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল, বিসিআরইসিএল এবং আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।