১৮৬০-এর দশকের লন্ডন। শহরের রাস্তায় তখন ঘোড়ার গাড়ির দাপট, মানুষের ভিড় আর যানজট। এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি পৌঁছাতেও পেরোতে হতো দীর্ঘ পথ। কিন্তু এই সমস্যার সমাধানে এক অভিনব কৌশল বের করলেন কয়েকজন প্রকৌশলী। তারা ভাবলেন, রাস্তার ওপর দিয়ে নয়, চিঠি পাঠানো হবে মাটির নিচ দিয়ে। আর সেই কাজে ব্যবহার করা হবে বাতাসের চাপ!
শুনতে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও, উনিশ শতকের লন্ডনে এমনই এক ব্যবস্থা চালু হয়েছিল।
১৮৫৯ সালে লন্ডনে গড়ে ওঠে নিউম্যাটিক ডেসপ্যাচ কোম্পানি । তাদের পরিকল্পনা ছিল, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত ডাক পৌঁছে দিতে মাটির নিচে বিশেষ নল ও রেলপথ তৈরি করা। এর জন্য তৈরি করা হয় বড় আকারের ধাতব ক্যাপসুল। সেগুলো চলত রেললাইনের ওপর দিয়ে। শক্তিশালী বায়ুচাপ ব্যবহার করে ক্যাপসুলগুলোকে সুড়ঙ্গের ভেতর ঠেলে পাঠানো হতো।
১৮৬৩ সালে ইউস্টন রেলস্টেশন থেকে ইভারশল্ট স্ট্রিট পর্যন্ত পরীক্ষামূলক ব্যবস্থা চালু হয়। তখনকার ব্যস্ত লন্ডনে ডাক পরিবহনের জন্য এটি ছিল বেশ অভিনব উদ্যোগ। ক্যাপসুলের ভেতরে রাখা হতো চিঠি ও ডাকের বস্তা। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালে সেগুলো বের করে বিতরণ করা হতো।
বাতাসের জোরে এক মিনিটে ডাক পৌঁছাত
ব্যবস্থাটি ছিল বেশ অভিনব। মাটির প্রায় ৯ ফুট নিচে বসানো হয়েছিল সরু রেললাইন। তার ওপর চলত লোহার তৈরি চাকার ক্যাপসুল। সুড়ঙ্গের এক প্রান্তে শক্তিশালী পাখা দিয়ে বাতাসের চাপ তৈরি করা হতো। অন্য প্রান্তে আংশিক শূন্যতা তৈরি করে ক্যাপসুলকে টেনে নেওয়া হতো। অর্থাৎ বাতাসের চাপ ও টানের সমন্বয়ে চলত এই অদ্ভুত ডাকবাহন।
শিল্পীর চোখে লন্ডনের চিঠি পাঠানোর ক্যাপসুল। ছবি: আর্টস অ্যান্ড কালচার ডট গুগল ডট কমইউস্টন থেকে ইভারশল্ট স্ট্রিটের দূরত্ব ছিল প্রায় ৫৬৪ মিটার। এই পথ পাড়ি দিতে ক্যাপসুলটির সময় লাগত মাত্র এক মিনিট। একেকটি ক্যাপসুলে সর্বোচ্চ ৩৫টি ডাকের বস্তা বহন করা সম্ভব ছিল। ১৮৬৩ সালের ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ডাক পরিবহন শুরু হয়।
প্রাথমিক সাফল্যের পর প্রকল্পটি আরও বড় করার উদ্যোগ নেওয়া হয়। ইউস্টন থেকে হলবর্ন পর্যন্ত নতুন পথ তৈরি করা হয়। ১৮৬৫ সালে সেখানে পরীক্ষামূলক যাত্রাও শুরু হয়। এমনকি কোম্পানির চেয়ারম্যান ডিউক অব বাকিংহাম নিজেই একটি ক্যাপসুলে চড়ে ভূগর্ভস্থ যাত্রার অভিজ্ঞতা নিয়েছিলেন।
তবে অভিনব এই প্রযুক্তি শেষ পর্যন্ত টিকতে পারেনি। সুড়ঙ্গে বাতাসের চাপ ধরে রাখতে সমস্যা হচ্ছিল। কোথাও কোথাও পানি জমে ডাকের পার্সেলও ভিজে যেত। অন্যদিকে, প্রচলিত গাড়িতে ডাক পরিবহনের তুলনায় সময়ের সাশ্রয়ও খুব বেশি ছিল না। ফলে ডাক বিভাগ ধীরে ধীরে এই ব্যবস্থার প্রতি আগ্রহ হারায়। ১৮৭৪ সালের ২১ অক্টোবর শেষবারের মতো এই পথে ডাক পরিবহন করা হয়। পরের বছর কোম্পানিটি অবসায়নের পথে যায়।
আজকের দ্রুতগতির যোগাযোগব্যবস্থার যুগে ঘটনাটি অবিশ্বাস্য মনে হতে পারে। তবে দেড় শতাব্দীরও বেশি আগে যানজটে জর্জরিত একটি শহরে ডাক পৌঁছে দিতে মানুষ যে ভূগর্ভস্থ প্রযুক্তির কথা ভেবেছিল, তা প্রকৌশল ইতিহাসের এক কৌতূহলোদ্দীপক অধ্যায়।
সূত্র: দ্য ব্রিটিশ পোস্টাল মিউজিয়াম, অ্যাটলাস অবস্কিউরা