Image description

ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল হয়েছে। আগামীর সময়ের হাতে আসা ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা আতঙ্কিত হয়ে উড়োজাহাজ থেকে নেমে আসছে। চাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। সেখানে সংশ্লিষ্ট কর্মীরা পানি দিচ্ছেন।

উড়োজাহাজটিতে থাকা চার শতাধিক যাত্রীকে নামিয়ে টার্মিনালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, আজ রবিবার বিকাল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার পূর্ব মুহূর্তে উড্ডয়ন বাতিল করে। ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়, যা এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা।

আরও বলা হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। এয়ারক্রাফটটি সব প্রসিডিউর মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়াতে নিয়ে এসে যাত্রীদের এয়ারক্রাফট থেকে দ্রুত নামানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড্ডয়নের শেষ মুহূর্তে ক্যাপ্টেন উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি বুঝতে পারেন। পরে তিনি উড্ডয়ন না করার সিদ্ধান্ত নেন। এরপর উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় নিয়ে জরুরি ভিত্তিতে যাত্রীদের নামিয়ে আনা হয়। সব যাত্রীকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে। তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন। এ ঘটনায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

তিনি বলেন, এ ঘটনায় অগ্নিকাণ্ডের কোনো বিষয় জড়িত নয়। জরুরি ব্রেকিংয়ের কারণে চাকার সঙ্গে রানওয়ের ঘর্ষণে কিছুটা ধোঁয়া দেখা গিয়ে থাকতে পারে। উড়োজাহাজটিতে কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা পরবর্তী সময়ে কারিগরি দল বিস্তারিত জানাতে পারবে।

কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের আরেকটি এয়ারক্রাফট ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।