Image description

দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি।

আজ রবিবার ভোরে ব্যাংকটির চিরিরবন্দর উপজেলার নশরতপুর শাখায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্বৃত্তরা ব্যাংকে ৩টি পেট্রলবোমা নিক্ষেপ করে এবং আগুন ধরে যায়। এতে ব্যাংকের বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। ভোরের আলো ফোটার আগেই দুর্বৃত্তরা স্থানীয় নিরাপত্তাকর্মীকে ফাঁকি দিয়ে ব্যাংকের সম্মুখে তিনটি পেট্রলবোমা ছুড়ে মারে। পুলিশ সেগুলো আলামত হিসেবে জব্দ করেছে।

সকালে গ্রামীণ ব্যাংকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার, চিরিরবন্দর এরিয়া ম্যানেজার মো. জিল্লুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আতাউর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা পরিদর্শন করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আতাউর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।