Image description

পাকিস্তানে গিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জামায়াতের আদর্শের কথা বলে ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ফলে ত্রয়োদশ জাতয়ী সংসদ নির্বাচনের পর সংসদে ডেপুটি স্পিকারের পদ জামায়াত গ্রহণ করেনি বলেও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, জামায়াত তো তাদের স্পিকারই পেয়ে গেছে, ডেপুটি স্পিকার নিয়ে আর কী করবে?

আজ রবিবার (২৯ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেছেন মাসুদ কামাল। এর মধ্য দিয়ে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ভ্রাতৃত্বের সর্ম্পক স্থাপন নিয়ে স্পিকারের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন তিনি।

ফেসবুক পোস্টে মাসুদ কামাল লিখেছেন, ‘জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি জামায়াতকে অফার করা হয়েছিল। তারা নেয়নি। কেন? এতদিন বুঝিনি।’

তিনি লিখেছেন, ‘আসলে জামায়াতের রাজনীতিটা কী? জামায়াত মনে করে, একাত্তরে স্বাধীনতার জন্য কোনো যুদ্ধ হয়নি, ওটা ছিল পাকিস্তানকে দুর্বল করতে ভারতীয় ষড়যন্ত্র। এবার আমাদের জাতীয় সংসদের স্পিকার পাকিস্তানে গিয়ে জামায়াতের ওই আদর্শের কথাই বলে এলেন। জামায়াত তো তাদের স্পিকারই পেয়ে গেছে, ডেপুটি স্পিকার নিয়ে আর কী করবে?’

উল্লেখ্য, ছয় দিনের সরকারি সফর শেষে আজ রবিবার ভোরে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তবে এই সফরকালে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তার দেওয়া কিছু মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে।

ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার দাবি করেন, একাত্তরে বাঙালিদের সহযোগিতার জন্য নয়, বরং পাকিস্তানকে দুর্বল করার উদ্দেশ্যেই ভারত মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল। এছাড়া বিগত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং একটি ‘উপনিবেশের মতো’ আচরণ করেছে বলেও তিনি অভিযোগ করেন।

পাশাপাশি সিন্ধু প্রাদেশিক পরিষদে অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। বলেন, ‘আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে এবং আমরা চিরকাল ভাই হিসেবে থাকব।’

এ ছাড়া সফরকালে স্পিকার ও জাতীয় সংসদের প্রতিনিধিদল পাকিস্তানের আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা কবি আল্লামা ইকবাল এবং কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহর মাজার জেয়ারতও করে। এ সময় উভয়ের মাজারে শ্রদ্ধা নিবেদন করে হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তান সরকার স্পিকারকে সর্বত্র ‘বীর বিক্রম’ উল্লেখ করে বিরল সম্মানও দেয়।