ফরিদপুরের নাওডোবা এলাকায় মহাসড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল। রোববার (২৯ নভেম্বর) ভোরে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
এর আগে ভোরে শরীয়তপুরের জাজিরার নাওডোবা ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিজামউদ্দিন মৃধা (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি, তিনি তাদের দলের কর্মী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর ও জাজিরার নাওডোবা এলাকায় নাশকতার উদ্দেশে বিক্ষোভ মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। মিছিল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। পরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হন শিবচরের কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজামউদ্দিন মৃধা। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি, তাদের মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি আহত হন। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জাজিরা এলাকার এক যুবলীগ কর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ফরিদপুরের নাওডোবা এলাকায় বিএনপির একটি প্রতিবাদ সমাবেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় প্রায় ২৫টি মোটরসাইকেল ও একটি মালবাহী ট্রাকে আগুন দেয়া হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের মিছিল থেকে পদ্মাভ্যালি রেস্টুরেন্ট, বিএনপির অস্থায়ী প্যান্ডেল ও বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
মতামত কলাম পড়ুন
পরে পুলিশ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সহিংসতার আশঙ্কায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রেখে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করে প্রশাসন। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। বিকল্প সড়কগুলোতেও যানবাহনের চাপ ছিল। দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেলা ১২টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও চালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনাস্থল শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায়। সেখানে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। ঘটনাস্থল জাজিরা থানার আওতাধীন হওয়ায় এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পদ্মা সেতু এলাকা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে পুলিশের টহল রয়েছে।
এদিকে, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম জানিয়েছেন, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার মহাসড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন আনসার ও ৬ প্লাটুন এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন।