‘আসন্ন স্থানীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কোনো ছাড় হবে না’ প্রার্থীদের উদ্দেশে এমন হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
‘কোনো প্রার্থী তার সমর্থকদের দিয়ে আচরণবিধি পরিপন্থী কাজ করালে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বাতিল হবে প্রার্থিতাও। শুধু তাই নয়, সর্বোচ্চ ভোট পেলেও ওই প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা না হয়, সে বিষয়েও নজর রাখবে ইসি’-উল্লেখ করেন তিনি।
আজ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন ইসি আনোয়ারুল।
শুধু প্রার্থী নয়, আচরণবিধির আওতায় আসবে নির্বাচনী এজেন্ট ও সমর্থকরাও এমনটিই জানালেন আনোয়ারুল ইসলাম। বললেন, ‘যত বড় নেতা বা জনপ্রিয় প্রার্থীই হোন না কেন, আচরণবিধি লঙ্ঘন করে কেউ নির্বাচনী সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাকে ছাড় দেবে না ইসি।’
‘আগে আচরণবিধির সংশ্লিষ্ট ধারাগুলো কিছুটা জটিলভাবে লেখা থাকলেও এবার সবার সহজে বোঝার জন্য বিষয়টি স্পষ্ট করা হয়েছে। কোনো প্রার্থী তার সমর্থকদের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করলেও এর দায় সংশ্লিষ্ট প্রার্থীকে নিতে হবে’
নির্বাচনে আচরণবিধি বাস্তবায়নে ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি দায়িত্ব পালন করবেন নির্বাচনী অনুসন্ধান কমিটি ও ম্যাজিস্ট্রেটও। এছাড়াও আচরণবিধি লঙ্ঘন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষও থাকবে।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফল প্রিসাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টসহ উপস্থিত সবার সামনে ঘোষণা করবেন এবং ফলাফলের অনুলিপি সরবরাহ করবেন। কেন্দ্রের ফলাফলে কোনো ধরনের কারসাজির সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনে থাকবে সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরা
এবারের নির্বাচনে সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রের ফলাফল স্বচ্ছভাবে প্রকাশ করা হলে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ থাকবে না-দাবি করেন ইসি আনোয়ারুল ইসলাম।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি সহযোগিতা চাইলেন রাজনৈতিক দল ও নেতাদের। ‘কোনো এলাকায় নির্বাচনী অনিয়ম হলে রাজনৈতিক নেতাদেরও প্রতিবাদ করতে হবে। তাদের পক্ষ থেকে ‘ধর ধর’ আওয়াজ উঠলে অনিয়ম প্রতিরোধে তা কার্যকর ভূমিকা রাখবে।’
ভালো নির্বাচনের সুফল যেমন পুরো জাতি ভোগ করবে, তেমনি খারাপ নির্বাচনের কুফল ও দায়ও সবাইকে বহন করতে হবে। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি ভোটার, রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব-যোগ করেন ইসি আনোয়ারুল।
৫ ধাপে হবে ইউপির ভোট
এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে। এই তালিকা গত ১৯ নভেম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইতিমধ্যে পাঁচ ধাপের ভোটের তারিখও ঘোষণা করেছে ইসি। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।