খুলনা নগরীর শিরোমনি এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি ভবন এবং খুলনা এসেনশিয়াল ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ নভেম্বর) ভোররাত তিনটার দিকে নগরীর শিরোমনি এলাকায় ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত তিনটার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ভবনটির কাচ ভেঙে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই এলাকায় খুলনা এসেনশিয়াল ল্যাটেক্স প্ল্যান্টের সীমানাপ্রাচীর লক্ষ্য করেও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ভোররাত তিনটার দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের কাচ ভেঙে গেছে।
অন্যদিকে নগরীর সাচিবুনিয়া এলাকায় মোংলা-বেনাপোল রেললাইনে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে সেখানে আগুন দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, রেললাইনে আগুন দেওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেখানে অগ্নিসংযোগের কোনো আলামত পাওয়া যায়নি।