স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে।
আজ রবিবার (২৯ নভেম্বর) কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমের প্রবাসী বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রহিম উল্লাহসহ চারজন রিট আবেদনটি দায়ের করেছেন। তাদের মধ্যকার আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটকারীরা হলেন— মো. রহিম উল্লাহ, মো. জুলহাস উদ্দিন, মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ। প্রথম ও দ্বিতীয় রিটকারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তৃতীয় রিটকারী সৌদি আরবে এবং চতুর্থ রিটকারী মালদ্বীপে বসবাসরত প্রবাসী। তারা দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার হিসেবে ভোট দিয়েছেন।
রিটে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেন। ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং পরবর্তীতে ২০২৬ সালের ৩ নম্বর আইনের মাধ্যমে এই ব্যবস্থার আইনি ভিত্তি তৈরি হয়।
রিটকারীদের মতে, এতে প্রমাণ হয় প্রবাসীদের ভোটদান আইনগত, প্রযুক্তিগত ও প্রশাসনিকভাবে সম্ভব।
এতে আরও বলা হয়, এ বিষয়ে স্থানীয় নির্বাচনে কোনো উদ্যোগ নেই। জাতীয় নির্বাচনে সফল প্রয়োগের পরও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন কোনো আইনি, প্রাতিষ্ঠানিক বা পদ্ধতিগত কাঠামো তৈরি করেনি।
রিটে বলা হয়েছে, এই নিষ্ক্রিয়তা সংবিধানের ১১, ২৭, ৩১, ৩২, ৩৯, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের লঙ্ঘন। এ ছাড়া নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ২৫(খ) অনুচ্ছেদ এবং সার্বজনীন মানবাধিকার ঘোষণার ২১ অনুচ্ছেদের চেতনার সঙ্গেও এটি সাংঘর্ষিক।
রিটকারীদের যুক্তি, বিদেশে অবস্থানের কারণে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব হতে পারে না। দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি থাকা রাষ্ট্রের প্রবাসীদের সঙ্গে আইনি ও আবেগের বন্ধনকেও স্বীকার করে।
প্রবাসীদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না এবং কেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয় এতে।