পটুয়াখালী জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আলমগীরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌরসভার পৌর পার্কসংলগ্ন এলাকায় তার তিনতলা বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাড়িটির নিচতলা ও দোতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারসহ আত্মগোপনে রয়েছেন কাজী আলমগীর। এরপর থেকেই বাড়িটি ফাঁকা পড়ে ছিল। বুধবার রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিস ও সদর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির দোতলার একটি শয়নকক্ষের তোশকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে। ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল এবং সেখানে কাউকে পাওয়া যায়নি।