Image description
দ্রুত বিচারক নিয়োগ এবং অন্তত তিনটি বেঞ্চ গঠনের দাবি

বাংলাদেশের বিচারব্যবস্থায় সম্প্রতি কিছু চাঞ্চল্যকর ও সংবেদনশীল মামলার বিচার বিচারিক আদালতে নজিরবিহীন দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে। রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার মাত্র ছয় কার্যদিবসে, আছিয়া হত্যা ও ধর্ষণের বিচার ১২ কার্যদিবসে, রাকিব হত্যার বিচার ১০ কার্যদিবসে এবং রাজন হত্যার বিচার ১৭ কার্যদিবসে বিচারিক আদালতে নিষ্পত্তি হয়। এরপর মামলাগুলো হাইকোর্টেও অনেকটা দ্রুতই শেষ হয়েছে। তবে মামলাগুলোর বেশিরভাগই পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গিয়ে দীর্ঘসূত্রতা ও গতিহীনতার শিকার হচ্ছে। এসব চাঞ্চল্যকর মামলার বাইরেও গুরুত্বপূর্ণ অনেক মামলা এবং সাধারণ মামলাগুলো আপিল বিভাগে নিষ্পত্তি হতে বছরের পর বছর, এমনকি যুগ পার হয়ে যাচ্ছে। এই দীর্ঘসূত্রতা নতুন কিছু নয়। এটি তৈরি হয়েছে বহু বছর ধরে। মামলা দীর্ঘ সময় সর্বোচ্চ আদালতে ঝুলে থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে। তাই শুধু বিক্ষিপ্তভাবে নয়, চাঞ্চল্যকর মামলাসহ সব মামলার দ্রুত নিষ্পত্তির দাবি উঠেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ বেঞ্চ বিচারকার্য পরিচালনা করছে। এই বেঞ্চে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মামলার শুনানি হয়। এরপর বেঞ্চ থেকে নেমে বিচারপতিরা রায় লিখছেন। দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর মামলার নিষ্পত্তিও বেড়েছে। কিন্তু মামলার সংখ্যা ও নতুন নতুন মামলা তালিকাভুক্ত হওয়ায় পুরোনো মামলা—বিশেষ করে আপিল মামলাগুলোর নিষ্পত্তি কম হচ্ছে।

সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে নতুন মামলা দায়ের হয়েছে ৯ হাজার ১৩৯টি। ফলে এ সময়ে দায়ের হওয়া মামলার তুলনায় ১ হাজার ৯৯৭টি মামলা বেশি নিষ্পত্তি হয়েছে। ২০২৬ সালের শুরুতে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪১ হাজার ৫৫১টি। প্রথম আট মাসে মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি হওয়ায় গত আগস্ট শেষে বিচারাধীন মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৫৪টি। একটি বেঞ্চের ঘাড়ে এই বিপুলসংখ্যক মামলা থাকায় দীর্ঘসূত্রতা বাড়ছে। আইনজীবীরা বলছেন, এর আগে আপিল বিভাগে তিনটি বেঞ্চ বসে বিচারকাজ পরিচালনা করার নজির রয়েছে। একসঙ্গে ১১ জন বিচারপতিও কাজ করেছেন। আর বর্তমানে মাত্র পাঁচজন বিচারপতি কাজ করছেন। সে কারণে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে দ্রুত বিচারপতি নিয়োগ দেওয়ার দাবি উঠেছে।

জানতে চাওয়া হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক কালবেলাকে বলেন, ‘বর্তমানে আপিল বিভাগে একটি বেঞ্চ কাজ করছে। কিন্তু মামলা যে পরিমাণ দায়ের হচ্ছে, তা নিষ্পত্তির জন্য আরও বিচারক দরকার। আইন মন্ত্রণালয় ও সরকার এটা অনুভব করছে। আশা করি সরকার এ বিষয়টা দ্রুতই বিবেচনা করবে।’

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান কালবেলাকে বলেন, ‘আমরা যে যেখানে আছি সেখান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব। তার উদাহরণ হলো পল্লবীর শিশু রামিসা হত্যার বিচার। ঘটনার পর মাত্র ছয় মাসে হাইকোর্টেও বিচার শেষ হয়েছে। এখন আপিল বিভাগে দুর্ভোগ হচ্ছে। সে কারণে বিচারক বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, প্রধান বিচারপতিসহ অন্যদের কিছুই করার নেই। একটি মাত্র বেঞ্চে বসে তারা দিন-রাত পরিশ্রম করছেন। নতুন নতুন মামলা আসছে। জরুরি মামলাগুলো শুনতে হচ্ছে। ফলে আপিল মামলাগুলোর নিষ্পত্তি কম হচ্ছে। আমার মতে, দ্রুত বিচার করতে হলে অবিলম্বে অন্তত তিনটি বেঞ্চ গঠন করতে হবে। আপিল বিভাগে অন্তত ৮ থেকে ১০ জন বিচারক নিয়োগ করতে হবে।’

‘শিশু রাজন ও রাকিব হত্যার বিচার আপিল বিভাগে ৯ বছর ঝুলছে’: চুরির অপবাদে ২০১৫ সালের ৮ জুলাই সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় ১৪ বছরের শিশু রাজনকে। নির্যাতনকারীরা ওই নির্মমতার ভিডিও ফেসবুকে প্রচার করে। বিচারিক আদালত ২০১৫ সালের ৯ নভেম্বর ১৩ আসামির মধ্যে প্রধান আসামি কামরুল ইসলামসহ চারজনের ফাঁসি এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। এরপর ২০১৭ সালের ১১ এপ্রিল হাইকোর্ট ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারিক আদালতের দেওয়া চারজনের ফাঁসির আদেশই বহাল রাখেন। হাইকোর্টের রায় ঘোষণার পর প্রায় ৯ বছর পার হলেও মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় ঝুলে রয়েছে।

২০১৫ সালের ৩ আগস্ট খুলনার টুটপাড়ায় শরীফ মোটরসে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কমপ্রেশার মেশিনের নল মলদ্বারে ঢুকিয়ে শরীর ফুটিয়ে হত্যা করা হয় শিশু রাকিবকে। মাত্র ১০ কার্যদিবসে বিচার শেষ করে বিচারিক আদালত ২০১৫ সালের ৯ নভেম্বর প্রধান দুই আসামি শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ২০১৭ সালের ৪ এপ্রিল হাইকোর্ট ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় প্রকাশের পর দীর্ঘ ৯ বছর ধরে মামলাটি আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

‘৯ বছর পর সাত খুন মামলা শুনানির তালিকায়’: ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডের লামাপাড়া এলাকায় র্যাবের সদস্যরা চেকপোস্ট বসিয়ে কাউন্সিলর নজরুলের গাড়ি থামান। র্যাব গাড়ি থেকে নজরুল, তার তিন সহযোগী ও গাড়িচালককে তুলে নিয়ে যায়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন আইনজীবী চন্দন সরকার। তিনি অপহরণের বিষয়টি দেখে ফেলায় তাকে ও তার গাড়িচালককেও র্যাব তুলে নিয়ে যায়। পরে তাদের সবাইকে হত্যা করে ওই রাতেই পেট কেটে এবং ইটের বস্তা বেঁধে সবার লাশ শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। নৃশংস এ মামলার বিচার শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি বিচারিক আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাব কর্মকর্তারাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে মাত্র আট মাসের মধ্যে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি করে ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং অপর ৯ জনের সাজা বহাল রাখেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিদের করা ২১টি আপিল ও ১৬টি ফৌজদারি আবেদন প্রায় ৯ বছর পর সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য উঠেছে।

‘ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) আইন মামলা ঝুলছে অন্তত ৯ বছর’: নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা-সংক্রান্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থি ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলটি আপিল বিভাগে দীর্ঘদিন ধরে বিচারাধীন। ২০১৭ সালের ১১ মে হাইকোর্ট ওই আইনের ১১টি ধারা ও উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন। পরে রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের রায় স্থগিত করা হয়। এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের ভিত্তিতে বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

‘বিডিআর বিদ্রোহ মামলাও আপিল বিভাগে আটকা’: ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের মামলাটি দেশের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মামলা। ২০১৭ সালের নভেম্বরে হাইকোর্ট এই মামলায় ১৩৯ জনের মৃত্যুদণ্ড এবং ১৮৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল এবং খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলগুলো বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

‘আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা ঝুলছে ১০ বছর ধরে’: ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে। এ ঘটনায় করা হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে মামলার আসামি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ২২ জনের মধ্যে ছয়জনের ফাঁসির বহাল রেখে ২০১৬ সালের ১৫ জুন রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে সাতজনের মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন ও সাতজন খালাস পান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন মারা গেছেন। এ ছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন পাওয়া ছয়জনের মধ্যে দুজনের সাজা বহাল থাকে। চারজন খালাস পান। ওই বছরের ৭ সেপ্টেম্বর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। প্রায় ১০ বছর পার হলেও আপিল বিভাগে এ মামলাটিরও শুনানি অদ্যাবধি শুরু হয়নি।

‘দীর্ঘদিন পর আরও তিন মামলা আপিল বিভাগের তালিকায়’: পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ দাস হত্যা মামলা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা ও মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা ধীর্ঘদিন পর আপিল বিভাগে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর অবরোধ চলাকালে পুরান ঢাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দর্জি দোকানের সাধারণ শ্রমিক বিশ্বজিৎ দাসকে। ২০১৩ সালের ১৮ ডিসেম্বরের রায়ে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্ট দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখে অন্যদের সাজা হ্রাস বা খালাস দেন। রাষ্ট্রপক্ষের আপিলসহ আগামী ৮ ডিসেম্বর আপিল বিভাগে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত রয়েছে।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মম নির্যাতনের ফলে শাহাদাতবরণ করেন মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিচারিক আদালতের রায় বহাল রেখে গত বছর ১৬ মার্চ হাইকোর্ট রায় দেন। দণ্ডিত আসামিদের করা লিভ টু আপিলের শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য রয়েছে। এ ছাড়া ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। গত বছর জুনে হাইকোর্ট ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে সাজা বহাল রাখেন। আগামী ১ ডিসেম্বর আপিল বিভাগে এ মামলার শুনানির তারিখ নির্ধারিত রয়েছে।

‘হলি আর্টিসান বেকারি জঙ্গি হামলা মামলাও আপিল বিভাগে’: ২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হোলি আর্টিসান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে এবং কুপিয়ে ও গুলি করে মোট ২২ জনকে হত্যা করে। এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। রায়ে নব্য জেএমবির সাত সদস্যকে মৃত্যুদণ্ড দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিল ও জেল আপিলের শুনানি শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর হাইকোর্ট ৭ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল এখানো আপিল বিভাগে বিচারাধীন।

‘অ্যাটর্নি জেনারেল ও প্রধান বিচারপতির তৎপরতা’: শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনার পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির কাছে বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগে চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। পাশাপাশি আপিল বিভাগে চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলা ও আবরার ফাহাদ হত্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী মামলার শুনানির জন্য জোরালো উদ্যোগ গ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল। আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত থেকে গত অক্টোবরে আপিল শুনানির দিন ধার্যের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আলোচিত মামলা, বা যে মামলা আমাদের সমাজকে আলোড়িত করেছে, সাধারণ মানুষের বিবেককে আলোড়িত করেছে, এ সব মামলার দ্রুত নিষ্পত্তি এবং যাতে নিষ্পত্তি হয়, সে জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।’ এ মামলাগুলোর বিষয়ে সরকারের বিশেষ কোনো চাওয়া-পাওয়ার কারণে এ উদ্যোগ নেওয়া হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা মনে করি, অ্যাটর্নি জেনারেল অফিসের রাষ্ট্রের পক্ষের আইন কর্মকর্তা হিসেবে আমাদের দায়িত্ব—এ সব মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা। এবং এটা আমরা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণ করেছি।’ কাজল বলেন, আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছেন। নির্ধারিত তারিখে শুনানি শুরু হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের বিভিন্ন ব্যস্ততা ও বাস্তবতার কারণে অনেক সময় নির্ধারিত দিনে শুনানি না হলেও মামলার গুরুত্ব বিবেচনায় এবার নির্ধারিত তারিখেই শুনানি শুরু হবে বলে তারা আশা করছেন। এ ছাড়া বিশ্বজিৎ হত্যা মামলাটিও শিগগির শুনানির জন্য চেম্বার বিচারপতির কাছে নিয়ে দিন ধার্য করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।