একই শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উঠলে আর পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। ২০২৭ শিক্ষাবর্ষের নতুন ভর্তি নীতিমালায় এই ফি নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোনো প্রতিষ্ঠান এ নিয়ম ভাঙলে তাদের এমপিও বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে পুনঃভর্তির নামে প্রতিবছর প্রায় ১০ হাজার কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন নিম্ন ও মধ্যবিত্ত অভিভাবকরা। তবে নতুন নীতিমালায় নির্দিষ্ট হারে সেশন চার্জ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ সুযোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও বাড়তি টাকা আদায় করতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। তাই মাঠপর্যায়ে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করা হয়। নীতিমালার ১১.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে কোনোভাবেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। পুনঃভর্তি ফি বা অন্য কোনো নাম ব্যবহার করে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নতুন নীতিমালায় আবেদন ও ভর্তি ফির সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এলাকাভেদে সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। মফস্বল এলাকায় সর্বসাকুল্যে ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না।
ঢাকা মহানগর এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে। তবে উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। এছাড়া দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফি যতদূর সম্ভব মওকুফের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৬ হাজার থেকে ৩২ হাজার কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চবিদ্যালয় রয়েছে ২০ হাজার ৯৬০টির বেশি এবং দাখিল ও আলিম স্তরসহ আলিয়া মাদ্রাসা রয়েছে ৯ হাজার ২৯৬টির বেশি। এসব প্রতিষ্ঠানে সব মিলিয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় চার কোটি। অভিযোগ রয়েছে, এসব শিক্ষার্থীর কাছ থেকে প্রতিবছর পুনঃভর্তি ফির নামে প্রায় ১০ হাজার কোটি টাকা আদায় করা হয়। বাড়তি এই শিক্ষা ব্যয় বহন করতে গিয়ে হিমশিম খান নিম্ন ও মধ্যবিত্ত অভিভাবকরা। এমনকি খরচ সামলাতে না পেরে অনেক অভিভাবক সন্তানের পড়াশোনা বন্ধ করে দিতেও বাধ্য হন।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু যুগান্তরকে বলেন, এক শ্রেণি থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক টিউশন ফি ছাড়া অন্য কোনো ধরনের ফি আদায় করা উচিত নয়। অথচ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সেশন ফি, উন্নয়ন ফি, আইডি কার্ড ফি, বিদ্যুৎ বিল, জেনারেটর চার্জসহ নানা খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে সাত থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করে থাকে। অনেক প্রতিষ্ঠান জানুয়ারিতে এক দফা টাকা নেওয়ার পর মার্চে আবার নতুন করে বিভিন্ন ফির তালিকা ধরিয়ে দেয়। এতে অভিভাবকরা আর্থিকভাবে চাপে পড়ছেন। তাই সব ধরনের ফি বন্ধ করা উচিত।
তিনি বলেন, সন্তানদের স্কুলে পড়ানোর কারণে অনেক অভিভাবক শিক্ষকদের কাছে একপ্রকার জিম্মি হয়ে পড়েন। অতিরিক্ত ফি নিয়ে প্রতিবাদ করলে অনেক সময় শিক্ষার্থীদের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়। এতে শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে স্কুলে যেতেও অনীহা প্রকাশ করে।
জিয়াউল কবির দুলু আরও বলেন, সরকার পুনঃভর্তি ফি বন্ধের যে নির্দেশনা দিয়েছে, তা যেন শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। কারণ, জানুয়ারিতে ভর্তি বা সেশন ফির নামে টাকা না নিয়ে পরবর্তী সময়ে উন্নয়ন ফি, ভবন নির্মাণ ফি, বিদ্যুৎ বিল, জেনারেটর চার্জ, আইডি কার্ড ফিসহ বিভিন্ন খাত দেখিয়ে টাকা আদায়ের আশঙ্কা রয়েছে। এভাবে ফির নাম পরিবর্তন করে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে।
কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর সভাপতি মো. সোলাইমান হোসাইন যুগান্তরকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তির নামে কোনো ফি নেওয়া উচিত নয়। এছাড়া অন্যান্য ফি নেওয়াও বন্ধ করতে হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তিনি বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন ফির নামে অতিরিক্ত টাকা আদায় করার শঙ্কা রয়েছে। সেজন্য সরকারের আরও সতর্ক হওয়া উচিত।
পুনঃভর্তি ফি আদায়ের ভোগান্তি নিয়ে রাজধানীর একটি স্কুলের এক শিক্ষার্থী যুগান্তরের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরে। এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তাবাসসুম হুসাইন সুহা জানায়, অষ্টম থেকে নবম শ্রেণিতে ভর্তির সময় তার কাছ থেকে পুনঃভর্তি বাবদ ১৫ হাজার ২২৯ টাকা নেওয়া হয়। আবার দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর দিতে হয়েছে ৮ হাজার ৬৩০ টাকা। অর্থাৎ দুই বছরে শুধু পুনঃভর্তি বাবদ তার কাছ থেকে আদায় করা হয়েছে ২৩ হাজার ৮৫৯ টাকা। এর বাইরে নিয়মিত মাসিক বেতন ও অন্যান্য ফি তো ছিলই।
অভিভাবক আলী আসগর ইমন বলেন, এই অনিয়ম বন্ধে চলতি বছর হাইকোর্টে একটি রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা-২০২৬’ জারি করে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, কোনো শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। কিন্তু দুঃখজনকভাবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো অভিভাবকদের পুনঃভর্তি ফি দেওয়ার নোটিশ দিচ্ছে। এমনকি নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই জানুয়ারির বেতনও আদায় করছে।
পুনঃভর্তি ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রতিবছর নতুন করে ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভিন্ন উপায়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করলে এবং অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ আদায় করা হচ্ছে কি না, সে বিষয়ে অধিদপ্তরের নিয়মিত নজরদারি থাকবে।