কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি ঘিরে দেশজুড়ে চাপা আতঙ্ক বিরাজ করছে। এ দিনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন নতুন উত্তাপ বিরাজ করছে। তবে নাশকতার যে কোনো অপচেষ্টা রুখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। সদর দপ্তর থেকে জরুরি প্রয়োজন ছাড়া আগামী কিছু দিন পুলিশ সদস্যদের ছুটি না নেওয়া এবং কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। পুলিশের আইজি আলী হোসেন ফকির যুগান্তরকে বলেন, জনগণের জানমাল রক্ষা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারি ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার দুঃসাহস দেখায়, সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করতে চায় বা গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও নাশকতার পরিকল্পনা মাথায় রেখে রাজধানীসহ সারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের মাঠপর্যায়ের প্রতিটি সদস্যকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে-অরাজকতা সৃষ্টিকারীদের যে কোনো মূল্যে দমন করতে হবে।
গত কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নানা অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। সামাজিক মাধ্যমে নানা উসকানিমূলক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে আজকের লকডাউন ঘিরে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। লকডাউনকে ঘিরে সাধারণ খেটেখাওয়া মানুষ সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে। বাসচালক আব্দুর রশীদ বলেন, ‘আমাদের পেটের টানে গাড়ি চালাতে হয়। কিন্তু আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দিলে আমাদের পরিবার না খেয়ে মরবে। আমরা শান্তিতে বাঁচতে চাই।’
পুলিশ সদর দপ্তর জানায়, ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ, ৫৭টি পরিবহণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মোট ৩৫টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। সদর দপ্তর আরও জানায়, দেশের মানুষের জানমাল রক্ষায় পুলিশ, এসআরবি ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা ছদ্মবেশে বিভিন্ন এলাকায় নজরদারি চালিয়ে যাচ্ছেন। যারা পেছন থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী চলছে গ্রেফতার অভিযান।
ডিএমপির তথ্য অনুযায়ী, কেবল রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ৭১ নেতাকর্মী রয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠনের ২০ জনের কাছ থেকে তাজা ককটেলও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ যুগান্তরকে বলেন, যারা অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। সামনের দিনগুলোতে যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে কেউ পার পাবেন না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের কোনো ধরনের লকডাউন বা বিশৃঙ্খলার পরিকল্পনা আমরা সফল হতে দেব না।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ঢাকাবাসীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত এবং রাজধানীর স্বাভাবিক গতি বজায় রাখতে ডিএমপির প্রতিটি সদস্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে অবিচল রয়েছে।
পুলিশ জানায়, শুধু ঢাকা নয়; সারা দেশের জেলা পর্যায়েও কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় সহিংসতার ইতিহাস রয়েছে, সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটলিন (এসআরবি) মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদ যুগান্তরকে বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষায় আমাদের বাহিনী যে কোনো উসকানি বা নাশকতা মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ ঘোষিত কোনো গোষ্ঠীর বা দলের অপতৎপরতা বা অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত সফল হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা দেশজুড়ে বিশেষ নজরদারি ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, মোড় ও চেকপোস্টে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন।