Image description

চট্টগ্রাম নগরের হালিশহর থানা পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যানটি সোয়া তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের কর্ণফুলী থানাধীন ফকিন্নিরহাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর আগে বিকাল পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে গাড়িটি চুরি করা হয়।

পুলিশ জানায়, পুলিশ লাইনসের সামনের সড়কে থানার ‘পিকআপ ভ্যান’ রেখে রেস্তোরাঁয় ভাত খাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ফিরে এসে দেখেন তাদের গাড়িটি আর নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।’

এর আগে বিকাল পৌনে ৩টার দিকে হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে সড়কে রাখা পুলিশের পিকআপ ভ্যানটি চুরি হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন।

 

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার পুলিশ সদস্যরা একটি পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হন। গাড়িতে তিন পুলিশ সদস্য ছিলেন। দুপুরে তারা গাড়িটি জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খেতে যান। ফিরে এসে দেখেন, গাড়িটি নেই। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন। পরে সেটি উদ্ধার করা হয়।’