সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্না এবং জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টাঙান ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। আওয়ামী লীগ ঘোষিত আট দফা বাস্তবায়নের দাবিতে ডাকা লকডাউনের সমর্থনে তারা এ ব্যানার টাঙান বলে জানা গেছে। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর বুধবার বিকেলে শহরের এসএস রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে আগুনও দেওয়া হয়। পরে পুলিশের হস্তক্ষেপে হামলাকারীরা সেখান থেকে সরে যায়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে। তবে কারা এ আগুন দিয়েছে, তা জানা যায়নি।
এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে দায়ী করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।
সময়ের আলো