Image description

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আবদুল্লাহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

 

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

 

সিফাতের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নাসের আলী খান। তিনি বলেন, রাত ৭টা ৫০ মিনিটে সিফাত কারাগার থেকে বের হয়েছেন। তিনি এখন গাড়িতে করে বাসার উদ্দেশে রওনা হয়েছেন। একটি মিথ্যা মামলায় তাকে ৭৬ দিন কারাগারে থাকতে হয়েছে।

 

সিফাত ইনকিলাব মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় সদস্য বলেও দাবি করেন তিনি।

 

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে সিফাত আবদুল্লাহকে আটক করে পুলিশ। পরে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর নিম্ন আদালতে দুই দফা জামিন আবেদন করেন সিফাত। তবে গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

 

নিম্ন আদালতে জামিন না পেয়ে পরে হাইকোর্টে আবেদন করেন সিফাতের আইনজীবীরা। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার তিনি কারামুক্ত হন।

 

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার হালিমা খাতুনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।