জেলায় জেলায় এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠন করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।
তিনি বলেছেন, ‘প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত রয়ে গেছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু বদলি বা স্থানান্তর করলে হবে না।’
সম্প্রতি জাতীয় সংসদে চতুর্থ অধিবেশনে এই দাবি জানান তিনি।
মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, “আমরা যখন বিলের ওপর আলোচনা করছি, তখন আমাদের একজন সহকর্মী, গোপালগঞ্জের একজন সংসদ সদস্যের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। আজকেও টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়ন আমিরের দোকান পুড়িয়ে দেওয়া ও লুটপাট করা হয়েছে।”
তিনি বলেন, “মাননীয় স্পিকার, আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথা বলি, সুন্দর সুন্দর বুলি আওড়াই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এর শিকড় যদি উপড়ে ফেলতে না পারি, তাহলে এই দেশকে এর মাশুল দিতে হবে। এসব বিলের সুফল জনগণ ভোগ করতে পারবে না। সেজন্য আমার প্রস্তাব, মাননীয় প্রধানমন্ত্রী আজ সংসদে উপস্থিত আছেন। জেলা পর্যায়ে প্রতিটি নির্বাচনী এলাকায় আমাদের সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠন করা হোক।”
তিনি আরও বলেন, “গতকালও বলেছিলাম, প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত রয়ে গেছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু বদলি বা স্থানান্তর করলে হবে না। আমার এলাকার থানার ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলাম। তিনি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন। গত কয়েক দিন আগেও পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।”
মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, “গতকাল বা পরশু দেখলাম, এক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলেছেন, ‘জনাব, ওসি, আমি যদি মুখ খুলি, তাহলে কি আপনি থাকতে পারবেন?’ সেই ওসিও নাকি প্রধানমন্ত্রীর দপ্তরের সচিব পদমর্যাদার একজন ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে রয়েছেন। এ কারণে তার বদলিও হয় না, কোনো শাস্তিও হয় না। মাননীয় স্পিকার, এ ধরনের ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”