Image description

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা। চট্টগ্রাম বন্দরে সংগঠিত হয় এক সন্ত্রাসী হামলা। সন্ত্রাসীরা বন্দরের অভ্যন্তরে কনটেইনারে অগ্নিসংযোগ করে আত্মগোপন করে অনুপ্রবেশকারীরা। তবে সন্ত্রাসী হামলা সফলভাবে রুখে দেয় বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৫ সন্ত্রাসীকে আটক করতে সমর্থ হয় নিরাপত্তা বাহিনী। জব্দ করা হয় সন্ত্রাসী হামলায় ব্যবহৃত একটি পিকআপ। পিকআপ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

শুনলে মনে হবে আসল ঘটনা, কিন্তু এটি ছিল নিছক মহড়ার অংশ। চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি যাচাই এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়ায় এসব দৃশ্যায়ন হয়।

 

মহড়ার অংশ হিসেবে সন্ত্রাসী হামলার সময় সিসিটিভি পর্যবেক্ষণ, কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন এবং প্রাথমিক তল্লাশি কার্যক্রমের পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা স্তর-৩ ঘোষণা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল ও কমান্ডো দল, বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে কনটেইনার ইয়ার্ড থেকে অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক সন্ত্রাসীদের পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি মহড়ায় প্রদর্শন করা হয়।

মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। বন্দরে ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) মনিটরিং সেলের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দরে এ লাইভ অ্যান্টি-টেররিজম মহড়ার আয়োজন করা হয়।

 

আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণে আইএসপিএস কোড একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড। যা জাহাজ ও বন্দর স্থাপনাকে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা এবং অন্যান্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখতে প্রণীত। পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বন্দর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে নিয়মিত ড্রিল ও মহড়া পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহড়ায় পর্যায়ক্রমে বন্দর স্থাপনার নিরাপত্তা স্তর–১, স্তর–২ ও সর্বোচ্চ নিরাপত্তা স্তর–৩ ঘোষণা ও বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।

 

হামলায় আহত একজনকে উদ্ধার করতে দেখা যায় মহড়ায়/ছবি: জাগো নিউজ
 
হামলায় আহত একজনকে উদ্ধার করতে দেখা যায় মহড়ায়/ছবি: জাগো নিউজ

 

মহড়ার উল্লেখযোগ্য পরিস্থিতিগুলোর মধ্যে ছিল ভুয়া পরিচয়পত্রে অনুপ্রবেশের চেষ্টা, অগ্নিকাণ্ড মোকাবিলা, জোরপূর্বক বন্দরে প্রবেশের চেষ্টা, সন্দেহজনক বস্তু শনাক্ত ও বোমা নিষ্ক্রিয়করণ এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে অনুপ্রবেশের পরিস্থিতি অনুশীলন করা হয়। চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনী, সোয়াট ও কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কন্টেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার বিষয়টি প্রদর্শন করা হয়।

এছাড়াও অগ্নিকাণ্ড মোকাবিলায় চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস, নিমতলাস্থ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার টিমের সমন্বিত কার্যক্রম এবং সন্দেহজনক বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয়করণে বাংলাদেশ নৌবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের অংশগ্রহণ মহড়াকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করে তোলে।

 

মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ও নিরাপত্তা কর্মীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল এবং কমান্ডো দল, বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ অংশগ্রহণ করে। মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম এবং যৌথ অভিযানের সক্ষমতা যাচাই করা হয়।

মহড়ার সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যায়ক্রমে স্বাভাবিক করা হয় এবং পুনরায় নিরাপত্তা স্তর–২ ও স্তর–১ কার্যকর করার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার বিষয়টি প্রদর্শন করা হয়।