Image description

পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, এ দেশের জনগণ আপনাদের দেশ থেকে বিতাড়িত করেছে। নিষিদ্ধ সংগঠনের আস্ফালন জনগণ সহ্য করবে না। রাতের আঁধারে দু-চারটি পটকা ফুটিয়ে এ দেশে ফিরে আসা তো দূরের কথা, রাজনীতিও করতে পারবেন না।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ আছে এবং থাকবে, ইনশাআল্লাহ। একটি বিশেষ দলের নেতাকর্মীদের ওপর কোনো হামলা হচ্ছে না, তারাও চুপচাপ এটিও চিন্তার বিষয়। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং অনেক শহীদের রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে।

তিনি আরও বলেন, কোনো প্রতিবেশী দেশের তাবেদারি এ দেশের জনগণ আর মেনে নেবে না। বিএনপি জনমানুষের দল। যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

সমাবেশে মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। পলাতক ফ্যাসিস্টদের জন্য ডিসেম্বর বিজয়ের মাস নয়। বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে আগুন সন্ত্রাস রুখে দিতে হবে।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বিএনপি রাজনীতি করে মা, মাটি ও মানুষের জন্য। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করেননি। দলের নেতা তারেক রহমান ১৭ বছর নির্বাসিত থেকেও আপস করেননি। তার কর্মী হিসেবে ঐক্যবদ্ধ থেকে গুপ্ত রাজনৈতিক শক্তিকে প্রতিহত করতে হবে। আগুন সন্ত্রাস প্রতিরোধে চট্টগ্রাম মহানগর যুবদল রাজপথে থাকবে।

মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এর আগে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।