Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সাবেরা খাতুন নামের এক গৃহবধূর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরিবারের অভিযোগ, পুলিশ সাবেরাকে গ্রেপ্তার করতে গিয়ে না পেয়ে তার স্বামীকে মো. শহীদকে (৬২) আটক করে।

এসময় শহীদের হাতে হাতকড়া লাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শহীদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়ায় (৮নং ওয়ার্ড) এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, পুলিশ বিনা অপরাধে শক্তি প্রয়োগ করে এবং ভয় ভীতি দেখিয়ে শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের ধস্তাধস্তির কারণেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই আব্দুল খালেক জানান, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতে করা মামলায় তার ভাই শহীদের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দুপুরে তাকে ধরতে সীতাকুণ্ড থানার এসআই সাব্বিরসহ বেশ কয়েকজন পুলিশ তাঁদের বাড়িতে আসেন। এসময় তারা ভাবীকে না পেয়ে বড় ভাই শহীদের হাতে হাতকড়া পরিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি আরও জানান, এসআই সাব্বিরকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করে ঘর থেকে ধস্তাধস্তি করে বের করে নিয়ে আসেন। উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে তার ভাই হাতকড়া পরা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে পুলিশ হাতকড়া খুলে দিয়ে দ্রুত চলে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এসআই সাব্বিরসহ দুজন পুলিশ সদস্য শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় শহীদের ভাই আব্দুল খালেক বিনা অপরাধে তার ভাইকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান।

ভিডিওতে আব্দুল খালেককে বলতে শোনা যায়, ‘আমার ভাইয়ের নামে কোনো মামলা নাই, আপনারা আমার ভাইকে কেন ধরছেন। আমার ভাই স্ট্রোকের রোগী। সে তিনবার স্ট্রোক করেছে। আমার ভাইয়ের কিছু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন।’

এসআই সাব্বিরের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে বলে সংযোগ কেটে দেন।