Image description
ঢাকার তীব্র যানজট নিরসন ও সাধারণ মানুষের যাতায়াতের আরও সুবিধার জন্য মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
 
সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানীর বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকি রুটগুলোর কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। শুধু তা-ই নয়, সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করার জন্য মনোরেল চালুর বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
 
তিনি আরও বলেন, ‘মনোরেলের বিশেষত্ব হলো, এটি অপেক্ষাকৃত ছোট জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো বিভিন্ন এলাকার ভেতরের ছোট ছোট রাস্তায়ও মনোরেল নেয়া সম্ভব।’
 
রাজধানীর যানজট নিরসনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। যেসব পয়েন্টে এখনো কাজ শুরু হয়নি, সেখানেও কাজ শুরু করার উদ্যোগ রয়েছে। আমরা আশা করছি, আগামী দুই মাসের মধ্যে এআই ক্যামেরাসহ এসব ট্রাফিক লাইট কাজ করা শুরু করবে।’
 
 
তিনি বলেন, ‘পৃথিবীর যেকোনো বড় রাজধানী বা জনবহুল শহরের দিকে তাকালে দেখা যায়, সাধারণত দুটি সময়ে রাস্তায় কিছুটা যানজট থাকে। একটি হলো সকালে অফিস ও স্কুল শুরু হওয়ার সময়, অন্যটি হলো অফিস ও স্কুল ছুটির সময়। এই দুই সময়ে দুই থেকে চার ঘণ্টার মতো যানজট পৃথিবীর বড় শহরগুলোতে খুব স্বাভাবিক। বাংলাদেশেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করছি, যাতে যানজট যতটা সম্ভব কমানো যায় এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা সম্ভব হয়।’