Image description

পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী পাকশী আমতলা মাঠ—এই নামটির সাথে জড়িয়ে আছে বহু মানুষের আবেগ ও স্মৃতির মেলবন্ধন। এই ঐতিহাসিক মাঠের পাশেই গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী খাবার হোটেল, যার নাম ‘হোটেল কিছুক্ষণ’। আর এই হোটেলের মালিক ও একমাত্র রাঁধুনি আতিয়ার রহমান। যিনি তার সুস্বাদু ভুনা খিচুড়ি দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে প্রায় লাখ টাকার খিচুড়ি বিক্রি করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই আতিয়ার রহমান এই এলাকায় খাবারের ব্যবসা পরিচালনা করে আসছেন। এর আগে তিনি পাকশী ফেরিঘাট এলাকার একটি হোটেলে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতেন। বহু বছরের রান্নার অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি গড়ে তোলেন ‘হোটেল কিছুক্ষণ’। বর্তমানে সপ্তাহে সাতদিনই তার হোটেলে নানা পদের খাবার পাওয়া গেলেও সাম্প্রতিক একটি ব্যতিক্রমী উদ্যোগ তার ব্যবসাকে এনে দিয়েছে দারুণ পরিচিতি।

সবকিছুর বাইরে একটু ভিন্ন কিছু করার চিন্তা থেকে আতিয়ার রহমান সম্প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিশেষ ‘ভুনা টেস্টি খিচুড়ি’ রান্না শুরু করেন। আর তাতেই মিলেছে অভাবনীয় সাফল্য। অল্প কয়েকদিনের মধ্যেই এই ভুনা খিচুড়ি সামাজিক যোগাযোগমাধ্যমে ও মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং রীতিমতো ভাইরাল হয়ে যায়।

 

বর্তমানে এই খিচুড়ির চাহিদা এতটাই বেশি যে, প্রতি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত—মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে প্রায় লাখ টাকার খিচুড়ি বিক্রি করেন তিনি। হোটেলের জনপ্রিয়তার পেছনে রয়েছে এর মান ও সাশ্রয়ী মূল্য। প্রতি প্লেট খিচুড়ির দাম মাত্র ১২০ টাকা। এর সাথেই ক্রেতারা পেয়ে যান দুই পিস গরুর মাংস ও মুখরোচক মরিচ-পেঁয়াজের ভর্তা একদম ফ্রি। এ ছাড়াও আলাদাভাবে বিশেষ ভুনা মাংস এবং সুস্বাদু গরুর নলি কেনার সুযোগ রয়েছে, যা খাবারের স্বাদকে আরও বাড়িয়ে দেয়।

আতিয়ার রহমানের হাতের এই বিখ্যাত ভুনা খিচুড়ি খাওয়ার জন্য ঈশ্বরদী ছাড়াও পাবনা, কুষ্টিয়া, নাটোর ও লালপুরসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসেন। অনেক ক্রেতা সঠিক সময়ে পৌঁছাতে না পেরে খিচুড়ি শেষ হয়ে যাওয়ায় হতাশ হয়েও ফিরে যান।

শুরুর দিকে আতিয়ার রহমান মাত্র ১৫ কেজি চাল দিয়ে খিচুড়ি রান্না করা শুরু করেছিলেন। তবে মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়ার পর বর্তমানে তিনি প্রতি বৃহস্পতিবার দুই মণ চালের খিচুড়ি রান্না করেন। দূর-দূরান্ত থেকে আসা যেসব ক্রেতা খিচুড়ি না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। বিষয়টি ভীষণ কষ্ট দেয় আতিয়ার রহমানকে। ক্রেতাদের এই ভালোবাসার কথা মাথায় রেখে তিনি ভবিষ্যতে তার হোটেলের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছেন, যাতে আরও বেশি মানুষ এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন।