চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ইংরেজিতে ‘মেড ইন ইউএসএ ৭.৬৫ মিমি’ খোদাই করা ২টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) রাজশাহী টিম।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন এসআরবির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, গত ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ‘সৌদিয়া পরিবহন’ এর একটি বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ এর একটি দল রাজশাহী মহানগরীর সিটিহাট বাইপাস মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সন্দেহজনক ‘সৌদিয়া পরিবহন’ বাসটি চেকপোস্টে পৌঁছালে এতে ব্যাপক তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাসের মালামাল রাখার বক্সে ফলের ঝুড়ি থেকে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত পিস্তল দুটির গায়ে খোদাই করে ইংরেজিতে ‘Made in USA 7.65 mm’ লেখা দেখা যায়।।
পালিয়ে যায় সন্দেহভাজন যাত্রী
বাসে থাকা অন্যান্য যাত্রী ও বাসের কর্মীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রাস্তায় এসআরবির চেকপোস্টের তথ্য জানতে পেরে বাসের এক সন্দেহভাজন যাত্রী গাড়িটি চেকপোস্টে পৌঁছানোর আগেই সুকৌশলে নেমে পালিয়ে যায়। পরে বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিশ্চিত করেন, সন্দেহভাজন যাত্রীটি চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসে উঠেছিলেন।