Image description
ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম এলাকা থেকে বেরিয়ে আসা একটি বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে কাঠুরে, শিকারি ও পশুপালকদের কারণে আদিবাসী গোষ্ঠীটির অস্তিত্ব যে হুমকির মুখে, তা স্পষ্ট হয়ে উঠেছে বলে জানিয়েছেন আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের কর্মীরা।
 
মঙ্গলবার (১৮ নভেম্বর) ছবিগুলো প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকারবিষয়ক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল।
 
এতে সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে সরকারি একটি দলের সঙ্গে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আওয়া আদিবাসীর সাক্ষাতের দৃশ্য দেখা যায়। এ সময় তাঁরা খাবার চান। সংগঠনটি এ ঘটনাকে ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করেছে।
 
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠী উত্তর-পশ্চিম মারানিয়াওয়ের একটি তুপি-গুয়ারানি আদিবাসী সম্প্রদায়। তাঁদের মধ্যে কেউ কেউ এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছেন।
 
বার্তা সংস্থা রয়টার্সকে ফুনাই জানিয়েছে, আরারিবোইয়া আদিবাসী এলাকার একটি গ্রামে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর সদস্যদের যাওয়ার ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য তারা যাচাই করছে। তবে ব্রাজিল সরকারের নীতি হলো, স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকা আদিবাসীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা না করা। সে অনুযায়ী, ওই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার।
 
 
 
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সরকারি প্রবেশ নিয়ন্ত্রণ চৌকি এবং তাওয়ারি গ্রামের কাছে এ সাক্ষাতের ঘটনা ঘটে। গ্রামটিতে গুয়াজাজারা আদিবাসীরা বসবাস করেন।
 
সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, অবৈধ কাঠুরে ও পশুপালকদের বিরুদ্ধে প্রচার চালানো আদিবাসী সংগঠন ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’-এর অনুরোধে তারা ভিডিওটি প্রকাশ করেছে।
 
বনাঞ্চলের ওপর চাপ
 
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, ‘আওয়া জনগোষ্ঠী তাদের বসবাসের এলাকার চারপাশে অনুপ্রবেশকারীদের কারণে চরম হুমকির মুখে রয়েছে। বন ধ্বংসের ফলে তারা আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ছে।’
 
মারানিয়াওয়ের আদিবাসী সংগঠন কোয়াপিমা বলেছে, বিচ্ছিন্নভাবে বসবাস করা আদিবাসীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সতর্ক থাকতে হবে। কারণ, বাইরের মানুষের সংস্পর্শে এলে এসব আদিবাসী নতুন নতুন রোগে আক্রান্ত হতে পারেন। এতে তাঁদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।
 
 
 
গত কয়েক দশকে আমাজনজুড়ে বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীগুলো অবৈধ খনি শ্রমিক, কাঠুরে ও পশুপালকদের অনুপ্রবেশের মুখে পড়েছে।
 
এসব জনগোষ্ঠীর সঙ্গে বহিরাগতদের যোগাযোগ প্রাণঘাতী হতে পারে। কলম্বিয়ায় ১৯৮০-এর দশকে বহিরাগতদের সংস্পর্শে আসার পর বিচ্ছিন্ন নুকাক জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ মানুষ বিভিন্ন রোগে মারা যান।