Image description

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই লাখ ৫৩ হাজার ৯৪৫টি শিক্ষকের শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় মন্ত্রী শূন্য পদ পূরণে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। তবে এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ-৪ আসনের মো. রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদের সংখ্যা তিন হাজার ৪৮টি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৮৫ হাজার ৩৩৩টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদ ১৪ হাজার ৬৯৭টি। মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদের সংখ্যা এক লাখ ১ হাজার ৮৭৩টি।

 

ফরিদপুর-১ আসনের মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি ও প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি শূন্য পদ রয়েছে।

কিশোরগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষাক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগের ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগ-সুবিধার কিছুটা অসমতা এখনো বিদ্যমান রয়েছে। শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের পর্যাপ্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বৈষম্য নিরসনে সরকার নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে বলে মন্ত্রী জানান।

মো. ইলিয়াস মোল্লার অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষকের শূন্য পদের চাহিদা পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধনের মাধ্যমে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

 

কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাতের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ ও ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ।

সংরক্ষিত আসনের শামছুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আদালতে রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদোন্নতিযোগ্য শূন্য পদ পূরণে কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ পূরণে পিএসসিতে চাহিদাপত্র দেওয়া হয়েছে। সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। শূন্য পদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

সরকার দলের খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সরকার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেয়ে থাকেন। প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নে সরকারের কোনো সিদ্ধান্ত আপাতত নেই।

 

যশোর-১ আসনের মুহাম্মদ আজীজুর রহমানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে আট হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসায় সংযুক্ত ইবতেদায়িতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এছাড়া অনুদানভুক্ত ও অনুদানবিহীন সাত হাজার ৭৭টি ইবতেদায়িতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে।

ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছে

সংরক্ষিত আসনের মোছা. সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে কোনো কঠোর বা কার্যকর সমন্বিত নীতিমালা না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো পরিচালিত হতো উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষাখাতকে শৃঙ্খলায় আনতে এবং এসব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে। বিদেশি কারিকুলাম বা ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। অনুমোদনহীন ও নিবন্ধনবিহীন স্কুলগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসিক খরচ ৪৪৫০০ টাকা

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক মাথাপিছু ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা। ক্যাডেট কলেজগুলো সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত এবং আবাসিক হওয়ায় এখানে খাওয়া-দাওয়া, আবাসন, উন্নত শিক্ষা, খেলাধুলা এবং অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমের পেছনে সরকারের এই উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ থাকে। মন্ত্রীর তথ্য অনুযায়ী, ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি সরকারের মাসিক খরচ ৪৪ হাজার ৫০৪ টাকা।