Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানস্থলে হঠাৎই মুখোমুখি অবস্থানে দেখা গেছে শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের। এ সময় দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষকে আলাদা করেন। বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হীরকজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দমিছিল নিয়ে অনুষ্ঠানের মাঠে প্রবেশ করেন শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাদের মুখোমুখি হন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে তাদের আলাদা করতে দেখা যায়।

চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হচ্ছে। আমাদের বড়ো ভাইয়েরা এসেছেন। আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, তা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করেন। আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছি। আমরা চাই, উৎসবটি সুন্দরভাবে শেষ হোক।’

চাকসু ভিপি ও চবি শিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, মেফতাহুল আবেদিন আশিক এবং চাকসুর সাবেক পাঠাগার ও সম্পাদক মাসুম বিল্লাহকে আহত করা হয়েছে। মাসুমের বুকে ঘুসি দেওয়া হয়েছে ও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওর প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়া মাসুমের হাঁটুর দিকে পা কেটে গেছে।  

তিনি আরও বলেন, আশিকের হাতে ব্যাপকভাবে ঘুসি দিয়েছে ফলে ও ডান হাত খুলে গেছে। ভেঙে যাওয়ার সম্ভাবনা। দুইজনকেই চবি মেডিক্যাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।

চবি মেডিক্যালের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসক বলেন, মাসুম বিল্লাহ ও আশিক নামের দুই শিক্ষার্থী বুকে ব্যথা পেয়েছে। এখন আমরা তাদের পর্যবেক্ষণ করছি। তাদেরকে এক্সরে করার জন্য শহরের মেডিক্যালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, ‘এটা তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশ করছিল। ওই সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুই পক্ষ নিজেদের মতো চলে গেছে।’