গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেই দেশের রাজনৈতিক সংকট নিরসনের পথ সুগম হবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকার গণভোটের গণরায় মেনে নিলে বিরোধী দল হিসেবে সরকারের সব ইতিবাচক কাজে পূর্ণ সহযোগিতা করবে জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এবং সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের করণীয় ও জনগণের প্রতি বার্তা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় অগ্রাহ্য করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। এর ফলে রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। জুলাই সনদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল এবং সনদে স্বাক্ষর করেছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। প্রায় পাঁচ কোটি মানুষের দেওয়া রায়ের প্রতি সরকারের এমন অবস্থানের কারণে জনগণের আস্থা নষ্ট হয়েছে। একটি সনদে সম্মত হওয়ার পর ক্ষমতায় গিয়ে সেটি অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতা। গণভোটের রায় মেনে নেওয়া হলে বর্তমান রাজনৈতিক সংকট অনেকটাই নিরসন সম্ভব।
দেশের সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল, পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতা দেখা যাচ্ছে। মহাসড়কে গাছ কেটে ও রাস্তা বন্ধ করে যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে তল্লাশি চালিয়ে মানুষকে মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটছে। জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও সাংবিধানিক বিভিন্ন পদে এখনো ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অবস্থান করছেন বলে দাবি করেন তিনি। সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে প্রবেশের খবরও তারা পাচ্ছেন বলে জানান।
জামায়াতের এই নেতা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান ধরে রাখতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এ লক্ষ্যে জামায়াত ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালন করবে। আগামী ২১ তারিখ শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। মাসব্যাপী অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরবর্তী সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে।
তিনি দেশের সব রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অনুরোধ করেন।
এর আগে সকাল ১১টায় জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।