ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতা চালায়। বিভিন্ন এলাকা থেকে লেগুনায় করে এসে তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় ‘ডাক দিয়েছেন নিক্সন ভাই, ঘরে থাকার সময় নাই’ স্লোগান দিতে দেখা যায় তাদের।
এ সময় বাড়ি ফেরার পথে হামলাকারীদের সামনে পড়েন কৃষক দল নেতা রাজু মোল্লা। অভিযোগ রয়েছে, তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা বিএনপির কার্যালয়ও ভাঙচুর করে এবং এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে রাজু মোল্লার মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে তার মরদেহ ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিক্সন চৌধুরীর সমর্থক বলে সন্দেহে আটজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১৮ জনকে আটক করে। তবে পুলিশের দেওয়া তথ্যে আটকের মোট সংখ্যা ২৫ জন
রাজুর মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রাজু মোল্লাকে একা পেয়ে হত্যা করেছে। আমরা তার জানাজা মহাসড়কেই পড়ব। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এর আগে উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ করে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিক্ষুব্ধ জনতা আটজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। পরে পুলিশ আরও ১৮ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।