Image description
রাজধানীর রামপুরার বনশ্রীতে আসফিয়া জাহান নূর নামের চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা মেহেরুননেসাকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
 
শিশুটির দূরসম্পর্কের আত্মীয় দাদী ফরিদা ইয়াসমিন জানান, মঙ্গলবার বিকালে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স (একবার দেখা) ফিচারটি ব্যবহার করে শিশুর বাবা আশরাফুল হক ইমনকে প্রথমে একটি ভয়েস মেসেজ দেন। সেখানে তিনি বলেন, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’। এরপর আবার আরেকটি ভয়েস মেসেজ দিয়ে বলেন, ‘আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি’।
 
এই বার্তা শোনার পর ইমন তার ভাড়া বাসার বাড়িওলা এমদাদুল হককে ফোনে এ কথা জানিয়ে তাদের বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। সেখানে গিয়ে বাড়িওয়ালা এমদাদুল হক কোনো কিছু বুঝে ওঠার আগেই শিশুর মা মেহেরুননেসা তাকে জানান, ‘আমার মেয়েকে আমি মেরে ফেলেছি, আমাকে পুলিশে ধরিয়ে দিন, যা ইচ্ছা তাই করুন।’
 
 
 
তাৎক্ষণিক বাড়িওয়ালা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সাহায্যে থানা পুলিশকে ফোন করে ঘটনার বিষয়টি জানান। পরবর্তীতে থানা পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।
 
দাদী ফরিদা ইয়াসমিন আরও জানান, পারিবারিকভাবে বিগত ছয় বছর আগে শিশুর বাবা ইমন ও মা মেহেরুননেসার বিয়ে হয়। বিয়ের শুরুর এক বছর ভালো কাটলেও বাকি পাঁচ বছর ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ ও ঝামেলা চলছিল। এ ঘটনায় এর আগে কয়েকবার দুই পরিবার একত্রে বসে তাদের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেও, ঠিক কিছুদিন পর থেকেই আবার তাদের মধ্যে সাংসারিক ঝামেলা শুরু হতো।
 
তিনি অভিযোগ করে বলেন, শিশুর মা প্রায়ই তার বাবাকে শারীরিক নির্যাতন করতেন। মেহেরুননেসা সবসময় অতিরিক্ত রাগ ও অভিমান করে থাকতেন। বিয়ের আগে আমরা এটি বুঝতে পারিনি। আজ তারই পরিণামে আমার নাতনিকে গলা টিপে মেরে ফেলল।
 
জানা গেছে, অভিযুক্ত মা মেহেরুননেসার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত মহসীনের মেয়ে। শিশুর বাবা আশরাফুল হক ইমন একটি কাপড়ের দোকানে কাজ করে দৈনন্দিন সংসার চালিয়ে যাচ্ছেন।
 
পরিবার জানিয়েছে, ময়নাতদন্ত শেষে শিশুর মরদেহ আজিমপুরে নিয়ে যাওয়া হবে।
 
 
 
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা ৯৯৯-এ সংবাদ পেয়ে বনশ্রীর একটি বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিশুটির মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আজ বুধবার (১৮ নভেম্বর) ময়নাতদন্তের কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগে শিশুটির মা মেহেরুননেসাকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।’
সর্বশেষ খবর
 
তিনি আরও জানান, ওই বাসায় স্বামী, স্ত্রী ও সন্তান থাকত এবং স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময়ে স্বামী ইমন বাসায় ছিলেন না; আর এই সুযোগেই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।