Image description

দফায় দফায় জ্বালানি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বাড্ডায় হাড়ি-পাতিল হাতে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শত শত মহিলা কর্মী অংশ নেন। এ সময় তাদের হাতে এলপিজি গ্যাসের ফেস্টুন দেখা যায়।

উত্তর বাড্ডা ব্রিজের নিচে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা ইউলুপের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আমরা ব্যক্তিগত দাবি-দাওয়া কিংবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আসিনি। কোনো দলকে বিতর্কিত করাও আমাদের উদ্দেশ্য নয়। আমরা এসেছি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য।’

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা মহানগরী উত্তরের এই আমির বলেন, ‘বাজারে গেলে মানুষের চোখেমুখে অস্বস্তি দেখা যায়। মানুষের আয় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কোনো সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লেও আয় সেই অনুপাতে বাড়ছে না।’

তার ভাষ্য, ‘জনগণকে অস্তিত্বসংকটে রেখে উন্নয়নের ফানুস ওড়ানো যাবে না। ক্ষমতা ও দেশ পরিচালনা সহজ বিষয় নয়।’

বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশ চালাতে পারছেন না। কার্ড বিতরণ করেন বা যা-ই করেন, এসব দিয়ে জনগণকে বোঝানো যাবে না। জনগণ ক্ষুব্ধ হলে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।