Image description

বাড়িতে সারের গুদাম দেখিয়ে কুমিল্লার বুড়িচংয়ে সারের ডিলার পেয়েছেন যুবলীগ নেতা নজরুল ইসলাম। এ নিয়ে বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে আমরা ডিলার পাইনি। যুবলীগ নেতার নাম দেখে হতবাক হয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

 

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দাবি, অতি দ্রুত যুবলীগ নেতা নজরুল ইসলামের ডিলার বাতিল করে বিএনপির যেসকল ত্যাগী নেতাকর্মী আবেদন করেছেন, তাদেরকে দিতে হবে।

 

স্থানীয়রা জানান, সারের ডিলারশিপ পাওয়া নজরুল ইসলাম যে গুদামের ঠিকানা দিয়েছেন, সেটি একেবারে অজপাড়াগাঁয়ে, যেখানে যানবাহন চলাচল খুবই দুষ্কর। অথচ তিনি ডিলারশিপ পাওয়ার পরপরই গুদাম বর্ধিত করার কাজ শুরু করেছেন। সাধারণ মানুষের প্রশ্ন—কারা তার গুদাম পরিদর্শন করল এবং অজপাড়াগাঁয়ের সেই গুদাম কীভাবে অনুমোদন পেল?

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বলেন, ‘যে ছেলেটি সারের ডিলারশিপ পেয়েছে, তার সঙ্গে সাবেক আওয়ামী লীগ এমপি হাসেম খানের ছবি দেখেছি। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

 

এ বিষয়ে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার বলেন, ‘আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সারের ডিলারশিপ বর্তমানে স্থগিত করা হয়েছে।’