নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় আফরিন আক্তার নামে ১৩ বছর বয়সী এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় কিশোরীর মামা ও মামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়া আক্তার। আগামীকাল বুধবার তাদের আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানালেন, কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে জাকিরের স্ত্রী সোনিয়া বিভিন্ন সময় রওশন আরার পরিবারকে প্রাণনাশের হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও তার পরিবারের সদস্যরা আফরিনকে বাড়িতে রেখে বাইরে যান। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোনিয়া তাদের ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ। তখন ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তিনি। এতে কিশোরীর কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
আফরিনের মা রওশন আরা জানালেন, জমি নিয়ে বিরোধের পাশাপাশি একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করেও তাদের পরিবারের সঙ্গে জাকির ও সোনিয়ার কথা-কাটাকাটি হয়েছিল। এর জেরে তার মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
রওশন আরা আরও জানালেন, মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনার পর স্থানীয়ভাবে সালিসের উদ্যোগ নেওয়া হয়েছিল। কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে তিনি থানায় অভিযোগ করেন।
পুলিশ জানায়, সোমবার সকালে রওশন আরা চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দেন। পরে মঙ্গলবার অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে জাকির হোসেন ও সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বললেন, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। ঘটনাটি এক মাস আগের হলেও পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার মামলা করেছে।