Image description

‘সরকার চাইলে ক্রসফায়ারে প্রস্তুত পুলিশ’—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানিয়ে বলেছেন, ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল। আইজিপির বক্তব্যে মনে হচ্ছে, দেশে আবারও গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। ক্রসফায়ার আইনের শাসন ও ন্যায়বিচারের বিকল্প হতে পারে না; যেকোনো অপরাধীর ন্যায়বিচার আদালতের মাধ্যমেই নিশ্চিত করতে হবে।

 

তিনি বলেন, ক্রসফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যার অনুমোদন দেওয়ার কোনো অধিকার রাষ্ট্রের নেই। আইজিপিকে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

 

হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের দায়েই বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যায় আদেশ পালন করতে গিয়ে অতীতে অনেক নিরপরাধ পুলিশ সদস্যও হতাহতের শিকার হয়েছেন। বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে আবার সেদিকে নিয়ে যাচ্ছে কি না, আজ তা নিয়ে প্রশ্ন তুলেছে জনগণ।

 

পুলিশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ক্রসফায়ার হলো বিরোধী মতের লোকজনকে নিশ্চিহ্ন করার একটি হাতিয়ার। অতীতের গুম-খুনের সংস্কৃতি থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশে আর নতুন করে বিতর্কিত কর্মকর্তাদের মতো কাউকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সরকারকে অবিলম্বে জাতির কাছে আইজিপির বক্তব্যের পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে এবং এর আগ পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।