Image description

পাওনা টাকা আদায়ের দাবিতে পাবনার ঈশ্বরদীতে এক ব্যবসায়ীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিকপাড়ায় উজ্জ্বল মল্লিকের লাশ খাটিয়ায় প্রায় তিন ঘণ্টা আটকে রাখেন কয়েকজন পাওনাদার বলে জানিয়েছে পরিবার।

উজ্জ্বল মল্লিক (৪৫) ওই গ্রামের সফি মল্লিকের ছেলে। পরিবারের ভাষ্য, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী চুমকি খাতুন বলেন, তার স্বামী ইটভাটার ব্যবসায় যুক্ত ছিলেন। ব্যবসার সূত্রে কয়েকজন ব্যক্তি তার কাছে টাকা পাওনা আছে বলে দাবি করেন এবং লাশ দাফনে আপত্তি জানান।

 

খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পরিবারের পক্ষ থেকে পাওনা পরিশোধের আশ্বাস দেওয়ার পর দাফন সম্পন্ন হয়।

ঈশ্বরদী থানার এসআই মকুল হোসেন জানান, পাওনাদারদের আপত্তির কারণে দাফনে বিলম্ব হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।