Image description

মোংলা বন্দরের পশুর নদে ১ হাজার ২০০ টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল সোমবার গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে কার্গো জাহাজের ৯ জন কর্মী সাঁতরে পাশের একটি জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে আসছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে তেলবাহী ট্যাংকার এমটি জান্নাতুল ফেরদৌস জাহাজটিকে ধাক্কা দেয়। এতে কার্গোটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। কয়লা নিয়ে জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার জানিয়েছেন, কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এ পথে নৌযান চলাচল স্বাভাবিক আছে। জাহাজটির মালিকপক্ষ দ্রুত সেটি উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।