Image description

সিলেটের গোয়াইনঘাটে গরুর গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলের আট নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি অভিযোগ তদন্তে জেলা ছাত্রদলের দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের। এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেলের সই করা বিজ্ঞপ্তিতে তাঁদের শোকজ করা হয়।

শোকজ পাওয়া ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সহসভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, সহসাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী এবং ইউনিয়ন শাখার নেতা নাজমুল ইসলাম মান্না, শাহরিয়াদ আহমদ ও নাজমুল হাসান নাঈম।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল সড়ক দিয়ে ভারতীয় চোরাচালানের পণ্যবাহী বিপুলসংখ্যক ডিআই পিকআপ (ছোট ট্রাক) চলাচল করে। এসব গাড়ির দ্রুতগতির কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে সন্ধ্যার পর ফতেহপুর ইউনিয়নে এসব গাড়ি থামিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা টাকা আদায় করেন বলে অভিযোগ ওঠে।

সম্প্রতি এ-সংক্রান্ত কিছু হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা ছাত্রদল।

জুবের আহমদ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডসহ অন্যান্য অভিযোগ খতিয়ে দেখতে জেলা পর্যায়ের দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পাশাপাশি তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।