Image description

সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ঘিরে হঠাৎই বিতর্ক তৈরি হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের একটি ভিডিওতে তার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে। বিষয়টি সামনে আসার পর দ্রুতই নিজের অবস্থান পরিষ্কার করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তিনি জানান, সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রকল্প সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না।

এ ছাড়া তার অনুরোধে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন রিয়াদ। পাশাপাশি অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ বিভ্রান্ত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন রিয়াদ।

বিতর্কের সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশের জাতীয় দলের এক সাবেক ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগের বিষয়টি প্রচার করছেন। তার পোস্টে এ ধরনের বিনিয়োগের অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদের মতো পরিচিত একজন ক্রিকেটারের এমন প্রচারে যুক্ত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সায়েরের সেই পোস্টটি সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকে। এর পরপরই নিজে উদ্যোগী হয়ে জমজম ব্রাদার্সকে সংশ্লিষ্ট ভিডিও সরিয়ে নেওয়ার অনুরোধ জানান রিয়াদ। তার অনুরোধে কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। পরে নিজের ফেসবুক পোস্টে পুরো ঘটনা ব্যাখ্যা করেন সাবেক এই অধিনায়ক।

রিয়াদ ফেসবুকে লিখেছেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। কিছুদিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাদের আমন্ত্রণে একদিন তাদের অফিসে গেলে, তারা তাদের একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে ভিডিও করার অনুরোধ জানান। তবে প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে আমার কোনো ধরনের ব্যবসায়িক এবং অর্থনৈতিক সম্পৃক্ততাও নেই।’

সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সব সময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন জানিয়ে তিনি লিখেছেন, ‘ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকব, ইনশাআল্লাহ। সবার ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।’