কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অনলাইন অ্যাক্টিভিস্ট অমি পিয়াল গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিকেলে একটি ফেসবুক পোস্টে দাবি করেন, “২১ জানুয়ারি ২০১৬ সাল। স্থান হোটেল সোনারগাঁ, ঢাকা। আওয়ামী ব্যারিস্টারদের বাৎসরিক ভোজ চলছে। জামাতি শাহরিয়ার তখন আওয়ামী লীগ করতো…”
একই দাবি পরবর্তীতে আওয়ামী ও বিএনপিপন্থীরা সহ অনেকেই ফেসবুকে রিপোস্ট ও শেয়ার করেছেন।
দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, অনুষ্ঠানটি মূলত আওয়ামীপন্থীদের বা কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। বরং অনুষ্ঠানটি ২০১৬ সালের ব্যারিস্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বাৎসরিক ডিনার ও কনফারেন্সের।
২০১৬ সালের ২১ জানুয়ারি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সন্ধ্যা ৭ টায় এটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির নিবন্ধিত ব্যারিস্টারেরা সহ আইন অঙ্গণের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে অংশ নেন।
বিষয়টি যাচাই করতে গিয়ে প্রাসঙ্গিক সার্চ করে, বিএনপিপন্থী আইনজীবী ও বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল প্রোফাইলে ২০‘৬ সালের ২১ জানুয়ারির একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া গেছে।

পোস্টের ক্যাপশন ছিল, “Annual Dinner & Conference 2016 of Barristers' Association of Bangladesh”
তার পোস্ট করা ছবিতে প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন, সাবেক স্পিকার জমির উদ্দীন সরকার, সাবেক অ্যাটর্নি জেনারেল রফিকুল হক, সাবেক বিচারপতি এ এফ এম আব্দুর রহমান, বাংলাদশে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রাগীব রউফ চৌধুরী, বর্তমান ডেপুটি স্পিকার কায়সার কামাল, ডেপুটি অ্যাটর্নি জেনালের মেহেদি হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের মেয়ে তাসমিয়া প্রধান সহ অন্য ব্যরিস্টারদের দেখা যায়।
Sarwar Hossain নামে আরেকজন আইনজীবীর ফেসবুক পোস্টেও একই অনুষ্ঠানের তথ্য উল্লেখ আছে। তার পোস্টের ক্যাপশন ছিল, “On 21.01.2016 , speaking in AGM and Anual Dinner of Barristers Association of Bangladesh at hotel Sonargaon, Dhaka”
ভাইরাল হওয়া ছবিটি তুলেছেন ব্যারিস্টার নূর-উস সাদিক। ছবিটি ব্যারিস্টার অ্যাসোসিয়েশনেরই বার্ষিক অনুষ্ঠানের বলেই দ্য ডিসেন্টেকে নিশ্চিত করেছেন তিনি।
নুর উস সাদিক দ্য ডিসেন্টকে বলেন, “ছবিটি আমারই তোলা। কীভাবে ওরা পেয়েছে আমি জানি না। তবে যে দাবিতে ছবিটা ছড়াচ্ছে সেটি ভুল। মূলত এটি ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের বার্ষিক একটি প্রোগ্রামে তোলা। প্রতিবছর এই প্রোগ্রাম হয়। এটা রাজনৈতিক কোনো প্রোগ্রামের নয়। আমার জানামতে, আওয়ামীলীগের ব্যারিস্টারদের নিয়ে এমন কোনো নৈশভোজ কখনো হয়নি।’’
ছবিটির বিষয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির দ্য ডিসেন্টকে বলেন, "আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি একটি ছবিকে কেন্দ্র করে যে ভুল তথ্য ও অপপ্রচার চালাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক। এতে স্পষ্ট যে, তাদের পেশাগত সংগঠন সংক্রান্ত কোনো সঠিক ধারণা নেই। ছবিটি মূলত 'বাংলাদেশ ব্যারিস্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ' (BAB)-এর একটি সুনির্দিষ্ট সান্ধ্যকালীন নৈশভোজের (Dinner) মুহূর্ত।”
প্রসঙ্গত, সংগঠনটির ওয়েবসাইটে থাকা তথ্যমতে, বাংলাদেশ ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন একটি অলাভজনক সংগঠন। সংগঠনটির সদস্যরা সবাই ইংল্যান্ড ও ওয়েলসের বার থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
১৯৬০ এর দশকে প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য হলো বাংলাদেশের ব্যারিস্টারদের পেশাগত চাহিদা পূরণ ও দক্ষতা উন্নয়নে কাজ করা এবং সমাজে অবদান রাখার জন্য সদস্যদের একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা।
বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা প্রায় ১২০০ জন। এই সদস্যরা আইন পেশার বেসরকারি ও সরকারি–উভয় ক্ষেত্রেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সমাজে অবদান রাখছেন।