Image description

দেশের মানুষ বিশ্বাস করে জামায়াত তাদের আমানত রক্ষা করবে উল্লেখ করে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, এই বিশ্বাস রাতারাতি তৈরি হয়নি।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত ‘ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি। জনগণ কোনোভাবেই লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার মেনে নেবে না। প্রতিটি অপকর্ম ও অন্যায়ের জন্য জবাবদিহি করতে হবে। মানুষের অধিকার হরণ ও জুলুমের হিসাবও সবাইকে দিতে হবে।

 

তিনি বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব আমৃত্যু পালন করে যেতে হবে। বিগত ১৭ বছরে দলের নেতাকর্মীদের ওপর বিভিন্ন মাত্রায় জুলুম-নির্যাতন চালানো হয়েছে। দলের শীর্ষ ১২ জন নেতাকে অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এত কিছুর পরও তারা ইমানের পথ থেকে বিচ্যুত হননি। দেশের মানুষ বিশ্বাস করে জামায়াত তাদের আমানত রক্ষা করবে। এই বিশ্বাস রাতারাতি তৈরি হয়নি।

 

বিগত সরকারের বিচারকদের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। সাবেক একজন বিচারপতির পালিয়ে সীমান্ত থেকে আটক হওয়ার ঘটনা বড় শিক্ষা দেয়। অপরাধ করে কেউ পার পাবেন না।

 

সম্মেলনে উপস্থিত প্রাক্তন কর্মীদের সততা ও নৈতিকতার সঙ্গে হালাল পথে জীবিকা নির্বাহের আহ্বান জানান শফিকুর রহমান। সরকারের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভিত্তিহীন ও অবান্তর কথার জবাব দেওয়ার সময় জামায়াতের নেই। কথার প্রতিযোগিতায় না গিয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।

 

 

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ এবং মুহাম্মদ শাহজাহান।

 

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত বা দুনিয়াবি স্বার্থে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের লক্ষ্যেই এই আন্দোলন পরিচালিত হয়।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এমপি, চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং ডাকসুর জিএস এস এম ফরহাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সম্মেলনে বক্তারা দেশে ইনসাফ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় ছাত্রজীবনে অর্জিত আদর্শ ও নৈতিকতা বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।