Image description

বিনোদন অঙ্গনে বিবাহবিচ্ছেদের পর অনেক নায়িকা ও মডেলের জনপ্রিয়তা, কাজের সুযোগ এবং চাহিদা বেড়ে যায় বলে মন্তব্য করেছেন মডেল লিয়ানা লিয়া। তার দাবি, বিবাহবিচ্ছেদের পর নতুন কাজ, অর্থ, গাড়ি, বাড়ি, ব্র্যান্ডের প্রচারণা ও সিনেমায় কাজের সুযোগ বাড়ার বিষয়টি বিবাহবিচ্ছেদকে ঘিরে তৈরি হওয়া আলোচনার অন্যতম কারণ হতে পারে। একই সঙ্গে বিবাহিত ব্যক্তিদের অন্যের সংসারে জড়ানোর প্রবণতা নিয়েও সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন লিয়ানা লিয়া। তার পোস্টটি বিনোদন অঙ্গনে বিবাহবিচ্ছেদ, পরকীয়া ও সম্পর্কের জটিলতা নিয়ে নতুন করে আলোচনার অবকাশ তৈরি করেছে।

ফেসবুক পোস্টে লিয়ানা লিয়া লেখেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে বিবাহবিচ্ছেদের পর নায়িকা ও মডেলদের অনেকের চাহিদা বেড়ে যায়। তারা আলোচনায় চলে আসেন, কাজ বাড়ে, আয় বাড়ে। নতুন গাড়ি, নতুন বাড়ি, অনেক ব্র্যান্ডের কাজ ও সিনেমায় সুযোগ পান।’

তিনি আরও লেখেন, ‘বিবাহবিচ্ছেদ যখন আলোচনার বিষয় হয়ে ওঠে, তখন দিন দিন বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে এটিও একটি কারণ হতে পারে। কারণ, বিবাহবিচ্ছেদের পর যদি এত সুবিধা পাওয়া যায়, তাহলে তো বিবাহবিচ্ছেদই ভালো!’

 

বিবাহিত নারী-পুরুষের অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এবং অন্যের সংসারে জড়িয়ে পড়ার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই মডেল। তিনি বলছেন, ‘কিছু নারী-পুরুষ বিবাহিত এবং সন্তান আছে, এমন মানুষদের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হন। তাদের সঙ্গে সম্পর্কে জড়াতেই হবে, তাঁদের সংসার ভাঙতেই হবে, এমন মানসিকতা কেন? এটা একেবারেই বাজে মানসিকতা।’

 

এ ধরনের আচরণকে অন্যের সংসারে অযাচিতভাবে জড়িয়ে পড়ার সঙ্গে তুলনা করে লিয়ানা লিয়া লেখেন, ‘এটা খুবই দুঃখজনক এবং বর্তমানে আমাদের সমাজের একটি বাস্তবতা।’

বিয়ে নিয়ে তরুণ-তরুণীদের অনীহা এবং বিবাহিতদের সম্পর্কের জটিলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পোস্টে লিয়ানা লেখেন, ‘অবিবাহিতরা বিয়ে করার সাহস পাচ্ছেন না, আর বিবাহিতরা পরকীয়ায় জড়িয়ে বিবাহবিচ্ছেদের পর বিবাহবিচ্ছেদ করে জীবন উপভোগ করে যাচ্ছেন। এটা সবচেয়ে কুৎসিত প্রবণতা।’