Image description

বর্তমান সাংবিধানিক ব্যবস্থাই ফ্যাসিবাদ তৈরি করছে। এই ব্যবস্থায় যিনি ক্ষমতায় যাবেন, তিনিই আরেক শেখ হাসিনায় পরিণত হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে মামুনুল হক বলেছেন, ‘যদি সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত না করা যায়, তাহলে দেখবেন বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় ৫ বছর যে থাকবে সে-ই আরেক হাসিনায় পরিণত হবে।’

 

মামুনুল হক বলেন, এ সরকার সংসদ সদস্যের শপথ গ্রহণ করেছে। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। কারণ, তারা রাষ্ট্র মেরামত করতে চায় না। তারা জুলাই বিপ্লবের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপি প্রমাণ করুক যে তারা জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী। তারা জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে ধারণ করে না।

 

তিনি বলেন, বিএনপি জুলাই বিপ্লবকে ধারণ করে না। কেন ধারণ করে না, দুর্ভাগ্যবশত জুলাই বিপ্লবে তারা মুখ্য ভূমিকা রাখতে পারে নাই। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা।

 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ গ্যাস এবং জ্বালানি সেক্টর মনে হয় ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দী হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে আমরা রাজপথে রয়েছি। সংবিধান সংস্কার করেন, স্পষ্টভাবে পরিবর্তনগুলো আনেন, দলীয়করণ মুক্ত বাংলাদেশ গড়েন, বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের রাজনীতি বাঁচবে এবং বাংলাদেশপন্থার রাজনীতি টিকে থাকবে।’

 

বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, ‎বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও গাজীপুর জামিয় মাহমুদিয়ার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন।