দীর্ঘ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য শেখ শরীফুল আলম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে চিকিৎসার জন্য কড়া নিরাপত্তায় বের করা হয় তাকে।
আগেরদিন সকাল পৌনে ৮টায় কয়েকজন ছাত্রদল নেতাকর্মী নিয়ে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করার পর থেকে অবরুদ্ধ অবস্থায় ছিলেন শরীফুল আলম। মঙ্গলবার দুপুরের পর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সরকারের হস্তক্ষেপ চান তিনি।
এদিন বিকেলে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চুয়েট মেডিকেল সেন্টারের চিকিৎসকদের আলাদা দুটি টিম উপাচার্যের শারীরিক অবস্থা পরীক্ষা করেন। তবে দু'দল দুরকমের মতামত দেন।
উপাচার্যের সঙ্গে আসা কয়েকজন ছাত্রদল নেতাকর্মীও আটকা ছিলেন কক্ষটিতে। তাদের অভিযোগ, দীর্ঘসময় বিদ্যুৎহীন থাকায় শারীরিক ও মানসিকভাবে তারা বিপর্যস্ত।
এদিকে, নতুন উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর আগের উপাচার্য আবু সাদাত মো. সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের পর থেকে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন চলছে চুয়েটে। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক সমস্ত কার্যক্রম।
/এমএইচআর