Image description

কুমিল্লা আদালতে সোপর্দ করার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামিকে ২ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া আসামির নাম রুবেল। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ এলাকার বাসিন্দা এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামি।

 

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নাঙ্গলকোট থানা থেকে আসামি রুবেলকে কুমিল্লা আদালতে সোপর্দ করার জন্য নেওয়া হয়। আদালতে হস্তান্তর প্রক্রিয়া চলাকালে তিনি কৌশলে দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

 

 

ঘটনার পর পরই আসামিকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। পালিয়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টার মাথায় নাঙ্গলকোটের বক্সগঞ্জ এলাকা থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুনরায় কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়।

 

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম এশিয়া পোস্টকে জানান, আসামির সঙ্গে পুলিশ সদস্য মাহবুবসহ কয়েকজন দায়িত্বে ছিলেন। সোপর্দকালে আসামি চম্পট দিলেও দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টার মাথায় তাকে ফের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।